দুর্ভোগগাথা
ঘটনা এক. ঢাকার কেরানীগঞ্জের গোলাপী বেগম সংসারে সচ্ছলতা ফেরাতে ছেলে সৈকতকে কুয়েতে পাঠান। ১৯৯৬ সালে কুয়েতি মালিকের ছেলের গুলিতে মারা যান সৈকত। এ ঘটনায় মামলা হয়। কিন্তু ১৮ বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ পাননি বৃদ্ধা গোলাপী বেগম। প্রথম আলোকে তিনি বলেন, ‘ছেলে হত্যার বিচার পাইনি। ক্ষতিপূরণও পাইনি।’
দুই. বিয়ের পাঁচ বছরের মাথায় মানিকগঞ্জের হালিমা আক্তারের স্বামী ইউনুস আলী সৌদি আরবের জেদ্দায় মারা যান। তিনি গাড়ি চালাতেন। হালিমা আক্তার কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘ভাই, আমার স্বামী যখন মারা যায়, তখন আমার ছেলে রিফাতের বয়স ছিল মাত্র তিন বছর। আমি কী করব, কোথায় যাব—কিছুই বুঝতে পারছিলাম না। সবাই বলল, ক্ষতিপূরণের যে টাকা পাবে, তা দিয়ে তোমার চলে যাবে। কিন্তু আট বছরেও সেই টাকা পেলাম না। ছেলেকে নিয়ে আমার জীবনসংগ্রাম চলছেই।’
তিন. কিশোরগঞ্জের আবদুল হাকিম-রাবেয়া আক্তার দম্পতির পাঁচ মেয়ের পর ছেলে সোহাগের জন্ম। পরিবারে সচ্ছলতা আনতে ছেলেকে কুয়েতে পাঠানো হয়। যাওয়ার ১০ মাস পরেই সড়ক দুর্ঘটনায় মারা যান সোহাগ। ছেলের শোকে মারা যান বাবাও। কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা মা রাবেয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘বাবা, আর পারি না। ছেলে গেল। স্বামী গেল। শুনেছিলাম কিছু টাকা পাব। কিন্তু এতোবার ঢাকায় গেলাম, তবু ক্ষতিপূরণ পেলাম না।’
আরও ঘটনা: ১৯৯১ সালের ৭ জুলাই ফেনীর বেলায়েত হোসেন মারা যান কুয়েতে। ১৯৯২ সালে মারা যান সাতক্ষীরার গোলাম বারী, ঢাকার মজিদ খান ও মুন্সিগঞ্জের আমজাদ হোসেন। ২২ বছর পেরিয়ে গেলেও তাঁদের পরিবার ক্ষতিপূরণের টাকা পায়নি। কুমিল্লার হোমনার নাছিরউদ্দিন ১৯৯৩ সালের ১৩ আগস্ট মালয়েশিয়ায় আর জামালপুরের মেলান্দহের আবু তাহের ১৯৯৫ সালের ২৩ অক্টোবর সৌদি আরবে মারা যান। এই পরিবারগুলোরও ক্ষতিপূরণের অপেক্ষা শেষ হয়নি।