দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল রোববার তৃতীয় দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত থাকায় ত্রাহি অবস্থা নগরবাসীর। স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য।
বৃষ্টিতে গতকাল সকালে নগরের কুসুমবাগ এলাকায় পাহাড়ধসে পড়ে তিন ব্যক্তি ঘরের মধ্যে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। এরপর আশপাশের ঘরের বাসিন্দারা ঘর ছেড়ে অন্যত্র চলে যান।
দুপুরের বৃষ্টিতে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কার্যালয় ডুবে যায়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বেলা ১১টা থেকে একটা পর্যন্ত প্রবল বর্ষণে পানি ঢুকে যায় ফায়ার সার্ভিস অফিসে। এতে অফিসের কার্যক্রম ব্যাহত হয়।
বাদুরতলা, মোহাম্মদপুর, ডিসি রোড, কাপাসগোলা এলাকায় বাসাবাড়িতে তৃতীয় দিনের মতো পানি ঢুকেছে। কাপাসগোলার বাসিন্দা ইসহাক জানান, গত তিন দিনে এ নিয়ে সাত-আটবার তাঁদের ঘরে পানি ঢুকল। বৃষ্টি থামলে পানি নামে। আবার বৃষ্টি এলে ঘরে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি হয়।
বাকলিয়ার বাসিন্দা ইয়ংওয়ানের কর্মকর্তা অনুপম সেন জানান, তিন দিন ধরে প্রতিদিন পানি মাড়িয়ে অফিস-আদালতে যেতে হচ্ছে। বাকলিয়ার বেশির ভাগ বাড়ির নিচতলায় কয়েক দফা করে পানি ঢুকেছে বলে তিনি জানান।