দুর্ভোগে তিন হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার দুটি ইউনিয়নে গত আগস্ট মাসে তিন হাজার পরিবার পদ্মা নদীর ভাঙনের শিকার হয়েছে। এসব পরিবারের সদস্যরা ভিটামাটি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কালুখালীর রতনদিয়া ইউপির চরখাঁপুরে, চর রাজপুর, কৃষ্ণনগর, ভবানীপুর, আলোকদিয়া ও কাশীনাথপুর এবং পাংশার হাবাসপুর ইউপির চর রামনগর, চর আফরা, পূর্ব চর আফরা, চর শাহমিরপুর গ্রামের কয়েক হাজার পরিবারের বসতবাড়ি পদ্মার ভাঙনের শিকার হয়েছে। ফসলি জমি হারিয়েছেন আরও কয়েক হাজার মানুষ। ভাঙনের শিকার অধিকাংশ পরিবার অন্যের জমিতে অস্থায়ীভাবে বাস করছে। নদীতে অত্যধিক স্রোত থাকায় মাছও বেশি ধরা যাচ্ছে না। এর ওপর রয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কিস্তির টাকা পরিশোধের তাগাদা।
গত সোমবার ভাঙনকবলিত দুটি ইউনিয়নে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যে স্যাঁতসেঁতে পরিবেশে অনেকেই ঘর তুলে বাস করছেন। যাঁদের জমিজমা নেই তাঁরা ভ্যান, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, ইঞ্জিনচালিত নছিমন প্রভৃতি যানবাহনে টিনের চালা, বেড়া, আসবাব প্রভৃতি নিয়ে আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছে।
চরখাঁপুরে গ্রামের তোরাপ শেখ বলেন, ‘ভাঙনে প্রায় আট বিঘা জমি বিলীন হয়ে গেছে। ছয় সদস্যের সংসার নিয়ে অভাবের মধ্যে আছি। কয়েক দিন না খেয়ে থেকে শেষ সম্বল নৌকাটি বিক্রি করে দিয়েছি। কোনো সাহায্য-সহযোগিতা পাই নাই।’
সাদারচর বাজারের ব্যবসায়ী মঙ্গল শেখ বলেন, ‘বাজারে ৫০টির বেশি দোকান ছিল। আমার নিজের এখানে কাপড় ও ব্রয়লারের দোকান ছিল। নদীতে দোকান বিলীন হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছি। ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে আজ পথে বসতে হতো না।’
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার মাঠকর্মী হালিমুর রহমান বলেন, ‘এ অঞ্চলে আমাদের সংস্থার দেড় কোটি টাকার ওপর বিনিয়োগ আছে। জোরজবরদস্তি করে কিস্তির টাকা আদায়ের বিষয়টি সত্য নয়। কেউ আপাতত কিস্তি বন্ধ রাখতে চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করব।’
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, তাঁর উপজেলায় ভাঙনের শিকার ও পানিবন্দী হয়ে আছে হাজারো মানুষ। ভাঙনের শিকার এসব মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের পর্যাপ্ত সহায়তা দরকার।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, এ উপজেলায় এক হাজারের বেশি পরিবার ভাঙনের শিকার হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়া হচ্ছে।
রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সাংসদ জিল্লুল হাকিম বলেন, বন্যায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চাল, শুকনা খাবার, টাকা ও ঢেউটিন বিতরণ করা হচ্ছে। এনজিওর কিস্তির বিষয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।