
রাজধানীর মিরপুর ২ নম্বর শিয়ালবাড়ী মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা হয়ে দুয়ারীপাড়া যাওয়ার প্রায় দুই কিলোমিটার মূল রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে খানাখন্দে ভরা রূপনগর আবাসিক এলাকার ৩৩টি পার্শ্ব রাস্তাও।
এলাকাবাসীর অভিযোগ, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ(ওয়াসা) তিন মাস আগে রাস্তা কাটলেও পুনরায় মেরামত না করায় এই অবস্থা।
ওয়াসা সূত্র জানায়, ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের’ অংশ হিসেবে রূপনগর আবাসিক এলাকার রাস্তা কাটা হয়েছে।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এ প্রকল্পের অধীনে পুরো ঢাকা শহরের পুরোনো পানির পাইপ সরিয়ে নতুন পাইপ বসানো হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) রূপনগর ক্যাম্পাসের সামনের রাস্তা, রূপনগর আবাসিক এলাকা মোড়, আরিফাবাদ হাউজিং, বর্ধিত পল্লবীর ৪ ও ৫ নম্বর গেট, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে, দুয়ারীপাড়া বাজার, ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পর্যন্ত মূল রাস্তায় বড় গর্ত এবং কাদাপানি জমে আছে।
৬০ ফুট প্রশস্ত রাস্তাটির কোনো পাশেই ফুটপাত না থাকায় জনগণের দুর্ভোগ আরও চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিইউবিটির শিক্ষার্থী অলি আহমেদ বলেন, এ রাস্তায় রিকশা আসতে চায় না। আগে যে ভাড়া ছিল ১০ টাকা, এখন বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা৷
রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল হাই বলেন, রূপনগর এলাকায় আবাসিক-বাণিজ্যিক মিলিয়ে এক হাজার ৫০০ হোল্ডিং রয়েছে। জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত করে না দেওয়া হলে বসবাস করা কষ্ট হয়ে যাবে।
এলাকাবাসী অভিযোগ করেন, ওয়াসা নতুন পাইপ বসানোর কাজ তিন মাস আগে শুরু করলেও বিভিন্ন জায়গায় কাজ অসমাপ্ত রেখে দিয়েছে। অনেক বাড়ির সামনে গর্ত খোঁড়া হলেও সেগুলো ভরাট করা হয়নি। এসব গর্তে পড়ে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে৷
প্রকল্পের অধীনে রূপনগর আবাসিক এলাকায় কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেড। নাভানার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, পাইপ বসানোর জন্য গর্ত তো করতে হবেই। কোথাও গর্ত রয়ে গেলে তা সঙ্গে সঙ্গে ভরাট করে দেওয়া হবে। বৃষ্টি হওয়ায় দুর্ভোগ একটু বেড়েছে।
গত বুধবার প্রকল্পের পরিচালক ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদ উদ্দিন বলেন, কাজ চলাকালে জনগণের দুর্ভোগ হলেও কাজ শেষে এর সুফল িমলবে৷ প্রতিবছর নতুন করে পাইপ বসাতে হবে না। এলাকার পানির সমস্যা দূর হবে। পরীক্ষামূলকভাবে নতুন লাইন চালু করলে রমজান মাসে পানির সংকট দেখা দিতে পারে। ঈদের পরে প্রকল্পের কাজ শেষ হতে পারে বলে জানান তিনি৷
পাইপ বসানোর দায়িত্ব ওয়াসার হলেও কাটা রাস্তা মেরামত করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রাস্তা মেরামত বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আহমেদ আলী শাহ্ বলেন, ওয়াসা অনুমোদন নিয়ে বর্ষাকালেও কাজ করছে। প্রকল্পের কাজ শেষ না হলে মেরামতের কাজ শুরু করা যাচ্ছে না।