দুর্ভোগে পানিবন্দী মানুষ, তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলায় গত মঙ্গলবার বাঁধ ভেঙে সৈয়দপুর ইউনিয়নের আটটি ওয়ার্ড প্লাবিত হয়। হঠাৎ​ পানিবন্দী হয়ে পড়ায় বিপাকে পড়ে লোকজন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় একটি পরিবার নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হয়। ছবিটি ওই দিন বিকেলে তোলা l প্রথম আলো
ভোলার দৌলতখান উপজেলায় গত মঙ্গলবার বাঁধ ভেঙে সৈয়দপুর ইউনিয়নের আটটি ওয়ার্ড প্লাবিত হয়। হঠাৎ​ পানিবন্দী হয়ে পড়ায় বিপাকে পড়ে লোকজন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় একটি পরিবার নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হয়। ছবিটি ওই দিন বিকেলে তোলা l প্রথম আলো

ভোলার সাতটি উপজেলার ২৫টি ইউনিয়নের ৭০টি গ্রামের প্রায় ৬০ হাজার পরিবার পাঁচ দিন থেকে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। সরকারি-বেসরকারি কোনো সাহায্য তাদের হাতে পৌঁছেনি। গত মঙ্গলবার জোয়ারের পানিতে ডুবে মনপুরা উপজেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর ও বিষখালী নদের বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী থাকা কয়েক হাজার পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণের দাবিতে গতকাল পাথরঘাটা শহরে মানববন্ধন করা হয়।
মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার, হাজির হাট ইউনিয়নের শাহরিয়ার চৌধুরী, উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এবং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্যাহ কাজল ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ না করায় উপজেলার ওই চারটি ইউনিয়নের প্রায় ৬০ ভাগ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। রাস্তাঘাট, বাড়িঘর এবং নলকূপ পানিতে ডুবে যাওয়ায় বিপুলসংখ্যক লোক মানবেতর জীবনযাপন করছেন। জোয়ারের পানিতে খেলা করার সময় গত মঙ্গলবার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহে আলমের ছেলে মিজানুর রহমান (৬) ও ৯ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামানের মেয়ে মরিয়ম বিবি (৫) মারা যায়। ওই দিন বিকেলে হাজিরহাট ইউনিয়নের সোনার চর গ্রামের ইউসুফ মাঝির ছেলে ওমর (৩) একইভাবে মারা যায়। চেয়ারম্যানেরা জানান, মনপুরায় লাশ কবর দেওয়ার মতো শুকনো জমি পাওয়া যাচ্ছে না।
একই সমস্যা চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে। সেখানতার তিন কিলোমিটারসহ উপজেলার আটটি স্থানে ১৩ কিলোমিটার বাঁধ অরক্ষিত বলে পাউবো সূত্রে জানা গেছে। চর মাদ্রাজের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। মোহাম্মদপুর গ্রামের গৃহবধূ নূরজাহান বেগমসহ কয়েকজন বলেন, পাঁচ দিন ধরে তাঁরা রান্না করতে পারছেন না। চিড়া-মুড়ি খেয়ে রোজা রাখছেন। নলকূপগুলোও পানির নিচে। ওই পানি খেয়ে অনেকেই পেটের নানা অসুখে আক্রান্ত হয়েছে।
লালমোহনের ধলীগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানিবন্দী রয়েছে। লর্ডহাডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মঙ্গলবার তাঁর ইউনিয়নের আট ও নয় নম্বর ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার বাঁধ ভেঙে গেছে।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ভিজিএফ কার্ডধারীদের পরিবারপ্রতি ১০ কেজি চাল ও উপজেলা পরিষদের ফান্ড থেকে নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ঢাকা থেকে চাল ও নগদ টাকা আসার কথা আছে।’
পাথরঘাটা সদর ইউপির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, বলেশ্বর ও বিষখালী নদের বেড়িবাঁধ ভেঙে চরলাঠিমারা, বাদুরতলা, জিনতলা, হরিণঘাটা, পদ্মা, রুহিতা, কোড়ালিয়া, বড় টেংরা, হাজিরখাল এবং হাড়িটানাসহ ১০টি গ্রামের কমপক্ষে ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বলেশ্বর তীরবর্তী চরদুয়ানী ইউপির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম বলেন, তাঁর ইউনিয়নের ছয়টি গ্রামের কমপক্ষে আট হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। প্রতিদিনই এসব মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।
এদিকে ভেঙে যাওয়া বলেশ্বর ও বিষখালী নদের বেড়িবাঁধ দ্রুত নির্মাণের দাবিতে শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন কর্মসূচিতে পানিবন্দী পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা ও রুহিতা গ্রামের তিন শতাধিক মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, সদর ইউপির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান প্রমুখ। মানববন্ধন শেষে পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।