দুর্ভোগে ফুলগাজীর সাত গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গতকাল ফেনী–পরশুরাম সড়কের ফুলগাজী বাজার তলিয়ে যায় l ছবি: প্রথম আলো
মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গতকাল ফেনী–পরশুরাম সড়কের ফুলগাজী বাজার তলিয়ে যায় l ছবি: প্রথম আলো

দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধের চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলা সদরের ফুলগাজী বাজার এবং আশপাশের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। নষ্ট হয়ে গেছে এসব গ্রামের রোপা আমন ধানের খেত। ভেসে গেছে পুকুরের মাছ ও সবজিখেত।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বেড়িবাঁধের উত্তর শালধর, জয়পুর, উত্তর দৌলতপুর ও বিজয়পুর (ফুলগাজী বাজারসংলগ্ন) অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার বিকেলে বাঁধের এই চারটি অংশ দিয়ে প্রবলবেগে ফুলগাজী বাজারে এবং আশপাশের গ্রামে পানি ঢোকে। ফেনী-ফুলগাজী সড়কের ফুলগাজী বাজার অংশ এবং গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. কহিনুর আলম বলেন, মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর কর্মকর্তারা বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করেছেন।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ইউনিয়নের ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, জয়পুর, ঘনিয়ামোড়া, কিসমত ঘনিয়ামেড়া, বিজয়পুর গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামও পানিতে তলিয়ে গেছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, বেড়িবাঁধ ভেঙে উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তিনি সরেজমিনে ফুলগাজী বাজার এলাকা ঘুরে দেখেছেন।