দুর্ভোগে ব্রাঞ্চ রোডের বাসিন্দারা
বরিশাল নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোড কয়েক বছর ধরেই খানাখন্দে ভরা। মেরামতের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়ছে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, দুই বছর আগে দরপত্র আহ্বান করা হলেও অজ্ঞাত কারণে ওই দরপত্র বাতিল হয়ে যায়। এতে কাদা-পানি পেরিয়ে আসা-যাওয়া করতে হয় বাসিন্দাদের।
বরিশাল সিটি করপোরেশনের দাবি ওই সড়ক মেরামতে দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু সড়ক প্রশস্ত করার জন্য কিছু স্থানে ভাঙতে হবে। এলাকাবাসী জায়গা না দেওয়ায় কাজ শুরু করতে দেরি হচ্ছে।
ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা শুভংকর চক্রবর্তী অভিযোগ করেন, পাঁচ-সাত বছর আগে একবার কোনোমতে লেপাপোছার কাজ হয়েছিল। তারপর দীর্ঘদিনেও আর কাজ হয়নি। প্রতি ঈদে কিছু সুরকি দিয়ে গর্ত ভরাটের চেষ্টা চলে। তাতে আরও কাদা-পানি বাড়ে। দরপত্র হয় হয় করেও দুই বছর অতিক্রম হয়ে গেছে। কিন্তু কাজ শুরু হচ্ছে না।
সড়কের দ্বিতীয় পুকুর এলাকার বাসিন্দা বকুল বেগম বলেন, দুই বছর ধরে সমস্যা বেশি হচ্ছে। রাস্তা মেরামত এবং নর্দমার কাজ না করায় একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি উঠে যায়।
মো. আক্তার হোসেন বলেন, এলাকাবাসী চরম দুর্ভোগ পোহালেও সিটি করপোরেশন মেরামতের উদ্যোগ নিচ্ছে না। মো. শামীম আকন বলেন, একটু বৃষ্টি হলেই কয়েক স্থানে হাঁটুসমান পানি দাঁড়ায়।
সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আকবর হোসেন বলেন, সড়ক সংস্কার না হওয়ায় এলাকাবাসীর কিছুটা সমস্যা হচ্ছে। তবে সিটি করপোরেশন থেকে রাস্তার কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃষ্টির পরই কাজ শুরু হবে—এমন আশ্বাস পাওয়া গেছে।
ব্রাঞ্চ রোড সেকশন এলাকার বাসিন্দা ইমরুল আহম্মেদ বলেন, দুই বছর আগে সাবেক মেয়র শওকত হোসেন হিরন দায়িত্বে থাকাকালীন একবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু বর্তমান মেয়র আসার পর তা বাতিল হয়ে যায়।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, আগে একবার মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়ে থাকতে পারে। তবে তা বাতিল হয়েছিল কি না, জানা নেই। বর্তমানে প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। কার্যাদেশও দেওয়া হয়েছে। ওই কাজের সঙ্গে কিছু অতিরিক্ত (এক্সটেনশন) কাজ থাকায় আরম্ভ করতে বিলম্ব হচ্ছে।