দুর্ভোগে ৫ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে একটি জনবহুল সড়কের সেতু ধসে পড়ায় চার গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। গত ২৪ মে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আলম মেম্বার সড়কের এরিয়া ছড়া খালে সেতুটি ধসে পড়ে।
স্থানীয় আবুল কালাম জানান, ২৪ মে বালুবাহী একটি মিনিট্রাকসহ সেতুটি ধসে পড়ে। এটি ধসে পড়ায় বাঁশখালী, জমাদার গ্রাম, দেওখালী, সাহেবদীনগর গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। প্রায় ১০ বছর আগে এলাকাবাসীর উদ্যোগে সেতুটি নির্মিত হয়েছিল। ওই সেতু দিয়ে আবুরহাট, আবুরহাট উচ্চবিদ্যালয়, সৈয়দুল হক উচ্চবিদ্যালয়, আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসা, আবুরহাট নেছারিয়া দাখিল মাদ্রাসা, সাহেবদীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগন বিবি ফ্রি স্কুল, রাফিয়া খাতুন শিশু কানন ও সাহেবদীনগর মোহাম্মিদয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিয়মিত চলাচল করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বহু ভক্ত মাওলানা গোলাম রহমান, মাওলানা ফজলুল করিম ও মাওলানা মেশকাত উদ্দিন সাহেবের মাজার জিয়ারত করতে এই সেতু দিয়ে আসেন। সেতুটি ধসে পড়ায় বর্তমানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ঝঁুকি নিয়ে চলাচল করছে। এখন খালে পানি না থাকায় অনেকে নিচে নেমে চলাচল করছে। একই সড়কের শাহ আলম মেম্বার বাড়ির সামনের সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় ধসে পড়তে পারে।
ইছাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, সেতুটি ধসে পড়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২৫ মে স্থানীয় লোকজন ধসে পড়া সেতুর ওপর বাঁশ দিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে সেতুটি দ্রুত নির্মাণ করা জরুরি।
ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কের এই সেতুটি ধসে পড়ায় জনগণের সমস্যা হচ্ছে। তাই সেতুটি দ্রুত নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মিরসরাইয়ের উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি জানেন এবং সেতুটি কীভাবে দ্রুত নির্মাণ করা যায় তার ব্যবস্থা নেবেন।