কক্সবাজারের রামু উপজেলার চার ইউনিয়নের লাখো মানুষের যাতায়াতের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
২০১৫ সালের ২৫ জুন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রামুতে বাঁকখালী নদীর ওপর নির্মিত গর্জনিয়া সেতুর দক্ষিণ পাশে প্রায় ৩০০ ফুট সংযোগ সড়ক বিলীন হয়ে যায়। সেই সংযোগ সড়ক এখনো পুনর্নির্মাণ না করায় নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-ঈদগড়-বাইশারী সড়কে সরাসরি যান চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন চার ইউনিয়নের লাখো মানুষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংযোগ সড়ক নির্মাণের আগে সেতুর নিচ দিয়ে প্রায় এক কিলোমিটার নদী খনন করে স্রোতের গতিপথ ঠিক করতে হবে।
গতকাল শুক্রবার এ নিয়ে প্রথম আলোয় ‘দুর্ভোগের শেষ কবে?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সূত্র জানায়, স্রোতের গতিপথ ঠিক করার কাজের জন্য সাত দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। এ জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে। স্রোতের গতিপথ ঠিক করার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভাঙা সংযোগ সড়কটি পুনর্নির্মাণ করবে। তখন সেতুর ওপর দিয়ে আবার যানবাহন চলাচল শুরু হবে। এতে মানুষের দুর্ভোগের অবসান হবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে জানান, গর্জনিয়া সেতুর পরিস্থিতি তুলে ধরে তিনি গতকাল সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানের সঙ্গে কথা বলেন। তিনি (সচিব) নদী খনন করে স্রোতের গতিপথ ঠিক করার জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন। সাত দিনের মধ্যে দরপত্র আহ্বান করে নদীতে খনন কার্যক্রম শুরু করা হবে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, গতকাল সকালে জেলা প্রশাসক তাঁকে মুঠোফোনে জানিয়েছেন, গর্জনিয়া সেতু রক্ষা করা হবে। এ খবরে এলাকার মানুষ খুশি।
পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান জানান, অল্প সময়ের মধ্যে নদীর তলদেশ খনন করে স্রোতের গতিপথ ঠিক করা হবে। এর ফলে গর্জনিয়া সেতু ঝুঁকিমুক্ত হবে। সেতুর ওপর দিয়ে আবারও যানবাহন চলাচল শুরু হলে দূর হবে মানুষের দুর্ভোগ।