দুর্ভোগ কাটেনি নতুন ট্রান্সফরমার বসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের অভাবে গতকাল শনিবার তৃতীয় দিনের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় ছোট ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর কারণে আগের দুই দিনের চেয়ে দুর্ভোগ কিছুটা কম ছিল। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে ২০০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার আজ রোববার হাসপাতালে বসানো হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যসচিবের নির্দেশে আমরা এনার্জিপ্যাক থেকে একটি ২০০০ কেভিএ ক্ষমতার ট্রান্সফরমার কিনেছি। সরকারিভাবে কিনতে গেলে অনেক সময় লাগত। আজ (শনিবার) রাতেই এটি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাবে। আশা করি, রোববার থেকে সমস্যা থাকবে না।’
হাসপাতালের ১৫০০ কেভিএ ট্রান্সফরমারটি গত বৃহস্পতিবার বিকল হয়ে যাওয়ায় ওই দিন সন্ধ্যা থেকে দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ডগুলোতে পাখা চালানো হচ্ছে না। এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন সেবা প্রদান বন্ধ রয়েছে।