দুর্ভোগ থেকে এলাকাবাসীর মুক্তি মিলছে না শিগগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটপাত, সড়ক ও পয়োনালার সংস্কারকাজের ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বুধবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা ছবি।  সাবরিনা ইয়াসমিন
ফুটপাত, সড়ক ও পয়োনালার সংস্কারকাজের ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বুধবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা ছবি। সাবরিনা ইয়াসমিন

মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেল থেকে খিলগাঁও কমিউনিটি সেন্টার সড়কের সংস্কারকাজ নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সংস্কারকাজ বিঘ্নিত হয়েছে। আর কাজে ধীরগতিতে ওই সড়কে চলাচলকারীদের ভোগান্তি বেড়েই চলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিআইটি রোডের মালিবাগ চৌধুরীপাড়া থেকে হাজিপাড়া ওয়াসা রোড পর্যন্ত এবং আবুল হোটেল থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত সড়কের ফুটপাত, পয়োনালা ও সড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয় গত ফেব্রুয়ারির শেষ দিকে। মার্চে শুরু হয় কাজ। সময়সীমা আগামী ২৬ আগস্ট পর্যন্ত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কাজের উদ্বোধন করেন প্যানেল মেয়র। এক মাস বাকি থাকলেও কাজ হয়েছে মাত্র ৫৫ শতাংশ।

এ কাজের ফলে সবচেয়ে দুর্ভোগে আছে চৌধুরীপাড়ার বাসিন্দারা এবং আবুল হোটেল থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার সড়কের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে সড়কের নিচের পয়োনালা বসানোর কাজ হয়েছে। সে সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর সড়কের ওপর ইট বসানো হয়েছে। এখন চলছে সড়কের দুই পাশে পয়োনালা তৈরির কাজ। ইট বিছানোর কারণে কিছু ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করতে দেখা যায়।

এই রাস্তার দক্ষিণে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। সেখানে প্রথম শ্রেণিতে পড়ে সামিন মাহমুদ। তার মা সায়মা নাফিদা বলেন, ‘রাস্তাটা দীর্ঘদিন ধরে বিশ্রী অবস্থায় আছে। কাজও হচ্ছে কয়েক মাস ধরে। এতে আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে কাদায় বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে পারি না। গাড়ি, রিকশা বা হাঁটারও উপায় থাকে না। রাস্তার সংস্কারকাজ তাড়াতাড়ি হলে মানুষের জন্যও সুবিধা হতো।’

সড়ক ও ফুটপাতের নির্মাণাধীন কাজ নিয়ে অভিযোগের অন্ত নেই স্থানীয় বাসিন্দাদের। কয়েকজন বলেন, এই রাস্তা নিয়ে ভোগান্তির শেষ নেই। এক দিন আগে নতুন স্ল্যাব বসানো হয়েছে। এতে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু দেওয়া আছে, তাতে কাঠ দেওয়া হলেও এর নিচে কোনো খুঁটি নেই। অসাবধানবশত কেউ হাঁটতে গিয়ে এই কাঠে পা ফেললে দুর্ঘটনার আশঙ্কা আছে।

এ ছাড়া বৃদ্ধ, নারী ও শিশুরা নির্মাণাধীন পয়োনালার পাশ দিয়ে হাঁটতে গিয়ে পড়ে যায়। নালার ওপর ঢাকনা না থাকায় পড়ে পায়ে ব্যথা পাওয়ার ঘটনাও ঘটেছে। এক সপ্তাহ আগে নালায় পড়ে কোমরে ও পায়ে ব্যথা পেয়েছেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসুল আলম প্রথম আলোকে বলেন, সড়কের সংস্কারকাজের কারণে সাউথ পয়েন্ট স্কুল দুই দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে সিটি করপোরেশনের প্রকৌশলীরা এসে নিয়মিত দেখে যান এবং সুবিধা-অসুবিধার বিষয়ে জানতে এসেছেন। তবে কাজটি আরও সতর্কতার সঙ্গে করা দরকার বলে তিনি মনে করেন।

চৌধুরীপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী জয়নাল হোসেন বলেন, একবার বৃষ্টি হলে রাস্তা দিয়ে চলার অবস্থা থাকে না। দোকানে মালবাহী গাড়ি আনার কোনো উপায় থাকে না। এই দুর্ভোগ থেকে শিগগির মুক্তি মিলছে না বলে আশঙ্কা তাঁর।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৩) খন্দকার মাহাবুব আলম বলেন, এখন পর্যন্ত এ সড়কের ৫৫ শতাংশ কাজ হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকায় আগস্টে শেষ হওয়ার কথা থাকলেও এ কাজের জন্য আরও কয়েক মাস সময় বাড়ানো হবে।

খন্দকার মাহাবুব আলম আরও বলেন, ‘স্কুলের সামনের রাস্তাটির দুর্ভোগের বিষয়ে জেনেছি। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ গিয়ে স্কুল কমিটি ও অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। কোরবানির ঈদের আগে স্কুলের সামনের মদিনা হোটেল থেকে আবুল হোটেলের প্রায় ৫০০ ফুটের রাস্তাটির কাজ শেষ করা হবে।’