দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর
বর্ষা আসার আগেই কালবৈশাখীজনিত বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। জুনে মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। কিন্তু সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় সিটি করপোরেশনের প্রস্তুতি সামান্যই। তাই এবারও দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না নগরবাসীর।
করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে জলাবদ্ধতা নিরসনের জন্য রুটিন কাজের অংশ হিসেবে প্রায় ১০ কোটি টাকার কাজ হয়েছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে তিনটি সংযোগ খালের কাজ চলছে। অন্যদিকে নালা-নর্দমার দৃশ্যমান কোনো কাজ চোখে পড়ছে না।
সিটি মেয়র এম মন্জুর আলম বলেন, ‘আমাদের রুটিন কাজের পাশাপাশি ডোম খালের সঙ্গে বহদ্দারহাট থেকে সংযোগপথ তৈরির কাজ চলছে। একইভাবে মির্জার খালের সঙ্গেও ডোম খালের সংযুক্তির কাজ চলছে। মহাপরিকল্পনার অধীনে হওয়া এসব কাজ শেষ হতে আরও তিন মাস লাগবে। এর সুফল পুরোপুরি পেতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
গত এক বছরের উদ্যোগ: নিজস্ব বরাদ্দের নামে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ছোট নালা পরিষ্কার বাবদ দেওয়া হয়েছে দেড় কোটি টাকা। প্রতিটি ওয়ার্ডের জন্য বরাদ্দ ছিল সাড়ে তিন লাখ টাকা। ওয়ার্ডের ছোট নালা থেকে মাটি উত্তোলনের কাজ ছিল এর আওতায়। এই বরাদ্দ দেওয়া হয় এ বছরের শুরুতে।
এ ছাড়া স্কেভেটর ও শ্রমিক দিয়ে নগরের ১৬টি খাল ও নালা পরিষ্কার করার কাজ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চাক্তাই খালকে।
করপোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, এ কাজে করপোরেশনের স্কেভেটরের পাশাপাশি ভাড়ায় নেওয়া হয়েছে ১৩টি স্কেভেটর। এ ছাড়া যেসব জায়গায় স্কেভেটর যাবে না, সেখানে শ্রমিক দিয়ে জলাবদ্ধতা নিরসনের কাজ করা হচ্ছে। কিন্তু ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এবং গত এক সপ্তাহের বৃষ্টিতে নগরের হালিশহর, বহদ্দারহাট, চকবাজার ও বাকলিয়া এলাকায় পানি উঠেছে। সামনের বর্ষা মৌসুমে এটা বড় দুর্ভোগের ইঙ্গিত দিচ্ছে। তবে সিটি করপোরেশনের জলাবদ্ধতা-সংক্রান্ত স্থায়ী কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম বলেন, ‘আশা করি এবার অন্য বছরের তুলনায় ভালো ফল পাব। কারণ, নালা ও খাল পরিষ্কার করেছি। তবে চাক্তাই খালের কয়েকটি অংশে বারবার পরিষ্কার করার পরও পাহাড়ের বালু মাটি এসে জমে যায়। এতে সমস্যা হয়। নতুন খাল খনন না হলেও বহদ্দারহাট থেকে ডোম খালের সঙ্গে একটি সংযুক্তি চ্যানেলের কাজ এখন চলছে।’
জলাবদ্ধতায় বসবাস: গত সপ্তাহের বৃষ্টিতে নগরের বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকার বাড়িঘরে পানি ঢুকে গেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। এলাকার ওষুধ দোকানি শিপলু বিশ্বাস জানান, ১৫ মিনিটের বৃষ্টিতে এখানে পানি ওঠে। খালটি ঠিকমতো পরিষ্কার করা হয় না বলে এ অবস্থা হয়।
কার্যকর উদ্যোগ নেই: ২০১০ সাল থেকেই জলাবদ্ধতা নিরসনে কয়েকটি খালে স্লুইচগেট নির্মাণ, নতুন খাল খনন ও খাল অবৈধ দখলমুক্ত করার আশ্বাস দিয়ে আসছেন মেয়র। কিন্তু এ-সংক্রান্ত প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রগতি হয়নি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সংকট নিরসনে বর্তমান খালগুলোকে পূর্ণ প্রবাহে ফিরিয়ে আনার পাশাপাশি নতুন তিনটি খাল খনন জরুরি। পাশাপাশি বিদ্যমান খাল ও নালাকে দখলমুক্ত করতে হবে।’
খাল ও নালা বেদখল হওয়ার কথা স্বীকার করে মেয়র মন্জুর আলম বলেন, ‘গত ২০ বছরে নতুন কোনো খাল খনন হয়নি। আমাদের একটি খাল খনন প্রকল্প মন্ত্রণালয় থেকে সম্প্রতি পাস হয়েছে। এখন একনেকে যাবে। এ ছাড়া মহেশখালের প্রতিরোধ দেয়াল নির্মাণও চলছে।’