দুর্ভোগ-দুর্ঘটনার মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-বগুড়া মহাসড়কের পাবনা থেকে শাহজাদপুর পর্যন্ত ৬০ কিলোমিটার অংশে সড়ক দুর্ঘটনা যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় হাট বসায় তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে উঠেছে।অনুসন্ধানে জানা গেছে, ২০১১ সালে মহাসড়কের পাবনা থেকে শাহজাদপুর পর্যন্ত ২০টি দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত ও কয়েক শ আহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ২৬ এপ্রিল শাহজাদপুরের পারকোলায়। সেখানে বাস ও নছিমনের সংঘর্ষে ১১ জন শ্রমিক নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়।যানবাহনের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের গঙ্গাহাটি সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা। বৃষ্টি হলে গঙ্গাহাটি ক্লাবের কাছে গাড়ি নিয়ন্ত্রণ করা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ২০১০ সালে পাবনা এক্সপ্রেস ও রাজদূত পরিবহন এবং ২০০৯ সালে আমিনপুর এক্সপ্রেস ওই জায়গার কাছে উল্টে গিয়েছিল। সাত-আট বছর আগে গঙ্গাহাটি এলাকা থেকে তিন কিলোমিটার দূরে মাধপুরে এ রকম সমস্যা দেখা দেয়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ওই রাস্তার ত্রুটি পেয়ে সেখানে ৩০০ গজের মধ্যে ১৪টি গতিরোধক নির্মাণ করে। গঙ্গাহাটির স্থানীয় লোকজনের ধারণা, সেখানকার রাস্তাতেও ত্রুটি আছে।এদিকে মহাসড়কের পাবনা থেকে বেড়া পর্যন্ত মহাসড়কের পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি স মিল। এর মধ্যে বেড়ায় দুটি, কাশীনাথপুর ও দুলাই বাজারে ছয়টি, বনগ্রামে চারটি, আতাইকুলায় তিনটি এবং চব্বিশ মাইল, গঙ্গারামপুর বাজার, কুচিয়ামারা, জহরাবাজ ও পুষ্পপাড়ায় একটি করে স মিল গড়ে উঠেছে। মিলগুলোর কাঠের গুঁড়ি রাস্তার দুই পাশে বিপজ্জনকভাবে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।বেড়া, কাশীনাথপুর, আতাইকুলা, চিনাখরা, বনগ্রাম, মাধপুর প্রভৃতি জায়গায় দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে হাট বসায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ জায়গাগুলোর মধ্যে বেড়া ও কাশীনাথপুরে যানজট এত বেশি যে হাটবারে যানবাহনকে দীর্ঘ সময় আটকে থাকতে হয়।পাবনা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজ উদ্দিন জানান, অপরিকল্পিতভাবে নির্মাণ করা ৩০-৩৫টি স্পিডব্রেকার যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটাচ্ছে, তেমনি দুর্ঘটনারও কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মহাসড়কে দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ এখন অবাধে চলতে থাকা নছিমন-করিমন আর হাট। সব মিলে সড়কটি ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগের জায়গা হিসেবে পরিচিত হয়ে উঠেছে।বেড়া-সাঁথিয়া-আতাইকুলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু নাসের খান জানান, মহাসড়কে নছিমন-করিমন যাতে না চলে, সে ব্যাপারে আমরা সর্বদাই তৎপর। প্রায়ই এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। আর কোনো স মিল মহাসড়কে বা এর পাশে কাঠের গুঁড়ি রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।