সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসেছেন মহুর উদ্দিনসহ ১২ জনের একটি দল। গতকাল বৃহস্পতিবার সকালে এসে তাঁরা পৌঁছান টঙ্গীর ইজতেমা মাঠে। অবরোধের মধ্যে কীভাবে এলেন জানতে চাইলে মহুর উদ্দিন বলেন, বুধবার রাতে সিরাজগঞ্জ থেকে একটি ট্রাকে উঠে টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। সেখান থেকে বেশ কিছু দূর পায়ে হেঁটে পরে একটি পিকআপে পৌঁছান গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত। এরপর পায়ে হেঁটে সকাল নয়টার দিকে টঙ্গীর ইজতেমা স্থলে পৌঁছান তিনি ও তাঁর সঙ্গী মিছির আলী (৫০), শহিদুল ইসলাম (৩০) ও চাঁন মিয়াসহ (৪৫) ১২ জন।
বাগেরহাটের নাছির উদ্দিন বলেন, ইজতেমায় আসতে এবারের মতো আর কখনো এত দুর্ভোগ পোহাতে হয়নি। সড়কে যানবাহন ছিল একেবারেই কম। তাঁদের এলাকার মুসল্লিরা অল্প যানবাহনে বাদুড়ের মতো ঝুলে আবার অনেকে বাসের ছাদে বসে টঙ্গীতে এসেছেন।
আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম দফা। হজের পর এটিই মুসলমানদের বড় জমায়েত। বিশ্বের ২০টির মতো দেশ থেকে মুসল্লিরা এতে যোগ দিচ্ছেন। ইজতেমার প্রথম দফা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আর দ্বিতীয় দফা শুরু হবে ১৬ জানুয়ারি শুক্রবার। শেষ হবে ১৮ জানুয়ারি।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি বাস, ট্রাক, পিক-আপ, প্রাইভেটকার ও লঞ্চে করে যিনি যেভাবে পেরেছেন এসে টঈীর বিশ্ব ইজতেমার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। বুধবার রাত থেকেই ইজতেমা ময়দানে দেশি-বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন। গতকালও নানা ধরনের যানবাহনে করে মুসল্লিরা ময়দানে আসছেন। ফজরের নামাজের আগ পর্যন্ত মুসল্লিদের আগমন অব্যাহত থাকবে। অবরোধে সড়ক পথের চেয়ে মুসল্লিরা রেলপথকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
নিয়মিত ইজতেমায় আসেন এমন কয়েকজন মুসল্লির সঙ্গে গতকাল বিকেলে ইজতেমা স্থলে কথা হয়। লালমনিরহাটের নওয়াব আলী বলেন, অন্যান্য বার এই সময়ে আরও বেশি লোকের উপস্থিতি থাকে। তাঁর মতে, অবরোধের কারণে যানবাহন কম থাকা ও ভয়ভীতির কারণে অনেকেই হয়তো আসতে পারেননি। তিনি জানালেন, ট্রেনে করে তাঁরা এসেছেন। আসতে সমস্যা হয়নি।
ঢাকা থেকে দূরের পথ হওয়ায় উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে মুসল্লিদের সংখ্যা কম লক্ষ করা গেছে। এই জেলাগুলোর জন্য তৈরি খিত্তায় গিয়ে এটা দেখা গেছে।
চাঁদপুর, যশোর, বান্দরবান ও শেরপুরের খিত্তায় (যেখানে মুসল্লিরা থাকেন) গিয়ে কথা হয় রহিম উদ্দিন ও জাকির হোসেনের সঙ্গে। এই তিন জেলার মুসল্লিরা জানালেন, অবরোধের কারণে কিছু বাস আসতে চায়নি। পরে স্থানীয় আওয়ামী লীগ, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ইজতেমায় আসার জন্য কয়েকটি বাস ছেড়েছে। তাঁরা সেই বাসে এসেছেন। সিলেটে জালাল আহমেদ বলেন, তাঁদের বাসের সামনে পুলিশের গাড়ি ছিল। এ ছাড়া ইজতেমার মুসল্লিদের পরিবহনরত অনেক বাসকে সীতাকুণ্ড এলাকা পুলিশ পার করে দিয়েছে।
র্যাব ও পুলিশের ক্যাম্প অফিসের কর্মকর্তারা জানালেন, বিভিন্ন স্থান থেকে পুলিশের পাহারায় মুসল্লিদের আনা হয়েছে। এটা অব্যাহত আছে। পরে ইজতেমা এলাকার নিরাপত্তা পরিদর্শন করতে এসে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, সহযোগিতা চাইলে তা দেওয়া হচ্ছে। মুসল্লিরা ফেরার সময় যানবাহনের প্রয়োজন হলে তারা সাধ্যমতো চেষ্টা করবেন।
গতকাল সকালে টঙ্গীর ইজতেমা ময়দানে গিয়ে দেখা গেছে, অবরোধ থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় যাত্রীবাহী বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা গাজীপুরের ভোগড়া, চান্দনা চৌরাস্তা, আশুলিয়া এলাকা হয়ে ইজতেমার ময়দানে অবস্থান করছেন। অবরোধের কারণে টঙ্গী রেল জংশনে ভিড় ছিল বেশি। প্রতিটি ট্রেনই ইজতেমা উপলক্ষে টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করছে। একটি ট্রেন স্টেশনে পৌঁছালে দেখা গেছে হাজার হাজার মুসল্লি ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে ময়দানের দিকে যাচ্ছেন।
নরসিংদীর মনোহরদী এলাকার সবুর মিয়া জানান, অবরোধ থাকায় তারা গত বুধবার রাতেই গাড়ি ভাড়া করে ইজতেমার উদ্দেশে রওনা হন। গতকাল ভোরে তাঁরা ইজতেমাস্থলে পৌঁছান। দিনে অবরোধকারীদের ভয়ে তাঁরা রাতে রওনা হন। কিশোরগঞ্জ সদর এলাকার বাসিন্দা আরফান আলী বলেন, ৩৫ জন মুসল্লি নিয়ে গতকাল বুধবার ভোরে একটি বাস রিজার্ভ করে তাঁরা রওনা হন।
বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার কার্যক্রম। দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। প্রতিবারের মতো এবারও জুমার নামাজের ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। জুমার নামাজের আগে হেদায়েদি বয়ান করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী মুসল্লিদের চলাচলের জন্য তুরাগ নদে অস্থায়ী ব্রিজ তৈরি করেছে। এ ছাড়া কিছু সড়কও তৈরি করেছে তারা।
ব্যাপক নিরাপত্তা: ইজতেমা এলাকাকে চারটি সেক্টরে ভাগ করে র্যাব নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। আশপাশের সব সন্দেভাজন স্থানে র্যাব তল্লাশি চালাবে। সাদাপোশাক ও ছদ্মবেশে র্যাব সদস্যরা ইজতেমার ভেতরে অবস্থান করবেন। গতকাল সকাল থেকেই র্যাবের হেলিকপ্টার ইজতেমা এলাকা টহল দেওয়া শুরু করেছে।
গতকাল দুপুরে বিশ্ব ইজতেমা এলাকায় র্যাবের কন্ট্রোল রুমের সামনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, যদি কোথাও কারও সহযোগিতার প্রয়োজন হয়, সেখানেই সহযোগিতা করা হবে। তিনি বলেন, ‘আখেরি মোনাজাতের পর প্রয়োজনে আমরা আশপাশের যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে মুসল্লিদের বিনা পয়সায় গাড়ি দিয়ে পৌঁছানোর চেষ্টা করব।’ এ ছাড়া পুলিশ ইজতেমায় অপরাধীদের চিহ্নিত করতে প্রচলিত ব্যবস্থার বাইরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ইজতেমা এলাকাকে পাঁচটি জোনে ভাগ করে প্রায় ১২ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ইজতেমাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী বলেন, মুসল্লিদের আনা-নেওয়ায় ট্রেনগুলো কাজ করছে। ট্রেনের চলাচল স্বাভাবিকই আছে। এ ছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ ইজতেমাস্থল পরিদর্শন করে বলেন, ইজতেমা মাঠের বিদ্যুতের ঘাটতি হবে না। তা ছাড়া ‘ইমার্জেন্সি সাপোর্ট’ হিসেবে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।