দুর্ভোগ বাড়িয়েছে নালা
জামালপুর শহরের জিগাতলা-মুন্সিপাড়া রাস্তায় উঁচু করে অপরিকল্পিতভাবে নালা নির্মাণ করায় এটি এখন আর কোনো কাজে লাগছে না। উপরন্তু নালা উপচে পচা-দুর্গন্ধযুক্ত পানি ও ময়লা-আবর্জনা সারা বছর ধরে রাস্তায় জমে থাকছে। ফলে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিগাতলা-মুন্সিপাড়া রাস্তাটি পৌরসভার আওতাধীন। পৌরসভার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০০৮-২০০৯ অর্থবছরে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে পয়োনিষ্কাশনের জন্য ১৮০ মিটার দীর্ঘ নালাটি নির্মাণ করে। নালাটি পাকা রাস্তার চেয়ে অনেক উঁচুতে হওয়ায় এবং পানি ও পয়োনিষ্কাশনের কোনো জায়গা বা সংযোগ নালা না থাকায় তা কোনো কাজেই লাগছে না। বরং এটি বর্তমানে স্থানীয় বাসিন্দা এবং ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে এই রাস্তায় পৌরসভার বৈদ্যুতিক বাতিও জ্বলে না।জিগাতলা এলাকার গৃহিণী রাশেদা বেগম জানান, তিনি একদিন এই নালার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন। তাঁর শাশুড়ি ছহিতন (৮৫) একরাতে নালার ভেতরে পড়ে গিয়েছিলেন। সংশ্লিষ্ট প্রকল্পের উপসহকারী প্রকৌশলী জামিরুল ইসলাম বলেন, ‘যখন নালা নির্মাণ করা হয়েছে, তখন এই সমস্যা ছিল না। বিষয়টি আমরা পৌরসভার মেয়রকে জানিয়েছি।’জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী বলেন, অন্য দুটি প্রকল্পের কাজ শেষে কিছু টাকা উদ্বৃত্ত হওয়ায় জিগাতলা-মুন্সিপাড়া রাস্তার একপাশের নালাটি নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু সমস্যা হয়েছে, নালার পানি বা পয়োনিষ্কাশনের কোনো জায়গা নেই। এটি কোনো স্থায়ী সমস্যা নয়। শহরের প্রধান সড়কের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে থেকে বাস-টার্মিনাল পর্যন্ত নালা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সেই নালার সঙ্গে মুন্সিপাড়া রাস্তার নালার সংযোগ করে দিলেই সমস্যা দূর হয়ে যাবে।