
পাকিস্তান আমলে যাত্রাবাড়ী ছিল নিভৃত পল্লি। অনুন্নত এলাকাটি ছিল উঁচু-নিচু, বিল-জলাভর্তি। এটিই ছিল ঢাকার শেষ সীমানা। এখন যাত্রাবাড়ী ঢাকার একটি কোলাহলপূর্ণ ও চরম যানজটপ্রবণ এলাকা।
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের লেখা ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইতে যাত্রাবাড়ীর এই চিত্র পাওয়া যায়। এই বইতে নাজির হোসেনের এক উদ্ধৃতি দিয়ে মুনতাসীর মামুন লিখেছেন, ‘একসময় ওই এলাকায় ছিল একটি যাত্রামণ্ডপ। যাত্রামণ্ডপ থেকেই যাত্রাবাড়ী নাম হয়ে যায় এলাকাটির। হতেও পারে, কারণ, উনিশ শতকের ঢাকায় যাত্রা ছিল চিত্তবিনোদনের জনপ্রিয় মাধ্যম।’
তবে বর্তমানে ঢাকার সীমানা যাত্রাবাড়ী থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। যাত্রাবাড়ী এলাকাটি বর্তমানে পাঁচ ভাগে ভাগ করা। পশ্চিম যাত্রাবাড়ী, উত্তর-পশ্চিম যাত্রাবাড়ী, উত্তর যাত্রাবাড়ী, পূর্ব-দক্ষিণ যাত্রাবাড়ী (ওয়াপদা কলোনি) ও দক্ষিণ যাত্রাবাড়ী। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ডের আওতাধীন। ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডটিতে গ্যাস ও পানির সংকট প্রকট। দিনে দিনে বাড়ছে মাদকসেবীদের উপদ্রব। গতকাল রোববার ওই এলাকাগুলো ঘুরে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
তবে যাত্রাবাড়ী বিখ্যাত মানুষের যাত্রা আটকে দেওয়ার জন্য। মানে যানজটের জন্য। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক হলে বহু বছরের যানজটের কষ্ট থেকে মানুষের মুক্তি মিলবে আশা করা হলেও সে আশায় গুড়েবালি। উড়ালসড়কের নিচে ময়লার ভাগাড়। ফুটপাতগুলোতে হকারদের পণ্যের পসরা। সড়কের ওপর অবৈধ বাস-ট্রাক স্ট্যান্ড। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন সকালে রাস্তার অর্ধেকজুড়ে বসে মাছের বাজার। বড় বড় গর্তে ভরা মহাসড়ক। বর্ষায় কাদাপানি, শুষ্ক মৌসুমে ব্যাপক ধুলাবালি। এর মধ্যে কাজলা সেতু থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত সড়কে দেড় বছর ধরে চলছে খোঁড়াখুঁড়ি। সব মিলে কেবল স্থানীয় বাসিন্দাই নয়, সব শ্রেণির মানুষের কাছে যাত্রাবাড়ী এক বিভীষিকার নাম।
পাঁচ রাস্তার মোড় ঘিরে যত জট
যাত্রাবাড়ী চৌরাস্তা। এই চৌরাস্তায় মূলত পাঁচটি রাস্তার সংযোগস্থল। সেখান থেকে পূর্ব দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দক্ষিণে ঢাকা-মাওয়া মহাসড়ক, উত্তর-পূর্ব যাত্রাবাড়ী-ডেমরা সড়ক, পশ্চিম-উত্তর দিকে যাত্রাবাড়ী-গুলিস্তান বা সায়েদাবাদ সড়ক, পশ্চিম-দক্ষিণ দিকে শহীদ ফারুক সড়ক। সদরঘাট তথা পুরান ঢাকায় যাতায়াতে এই সড়কটি ব্যবহার করা হয়। তবে এই পাঁচ সড়কের মাথা এক জায়গায় থাকায় দিনভর এই এলাকায় গাড়ির জটলা লেগেই থাকে। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে সদরঘাট, বাবু বাজারগামী পরিবহনগুলো সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি করে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। গতকাল এই এলাকা ঘুরে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা হুমায়ন কবির বলেন, এলোমেলোভাবে গাড়ি রাখার কারণে দিনভর যাত্রাবাড়ীতে যানজট লেগে থাকে। এ ছাড়া বাহাদুর শাহ পরিবহনের (লেগুনা) বেপরোয়া চালকদের কারণে কিছুদিন পরপরই শহীদ ফারুক সড়কে দুর্ঘটনা ঘটে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
মহাসড়কে মাছের আড়ত
গতকাল সকালে দেখা যায়, যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে অবৈধভাবে বসছে তিন শতাধিক মাছের দোকান। এই এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচেও বসে শতাধিক মাছ কাটার ও বরফের দোকান। এতে মাছের গন্ধে এই পথে চলা দায়। মাছবাজারের ময়লা-আবর্জনায় সড়কের দুপাশের ড্রেন বন্ধ হয়ে আছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, সড়কের ওপর এই মাছের বাজারের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এলাকার পরিবেশও দূষিত হচ্ছে৷ প্রায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। কিন্তু সড়ক থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে না।
সড়কে বড় বড় গর্ত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কুতুবখালী পর্যন্ত ইট-পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত দুই দিনের বৃষ্টিতে এসব গর্তে পানি জমেছে। এতে সড়কটিতে কাদাপানি জমে গেছে। এর মধ্যে সড়ক ঘেঁষে নর্দমা নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করছেন শ্রমিকেরা।
ওয়াপদা কলোনির বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, প্রায় এক বছর এই সড়কে গর্তের সৃষ্টি হয়ে আছে। কিন্তু সংস্কার না করায় দিন দিন রাস্তা আরও খারাপ হচ্ছে। ছোট যানবাহন গর্তে পড়ে প্রায়ই উল্টে যায়।
পানির সংকট
গতকাল বেলা একটা। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের টনি টাওয়ার গলি। সেখানে পৃথক তিনটি বাড়িতে ওয়াসার লাইনে পানি পাওয়া যায়নি। তবে শহীদ ফারুক সড়কের দক্ষিণ অংশের দুটি বাড়িতে পানি পাওয়া গেছে। কিন্তু সে পানিতে দুর্গন্ধ, ছোট ছোট কালো ময়লা ভাসছে।
দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা মনির হোসেন বলেন, ছয় থেকে সাত বছর ধরে যাত্রাবাড়ীতে পানির সংকট চলছে। মহল্লার মানুষ বিভিন্ন সময় কলস নিয়ে মিছিলও করেছে। কিন্তু ওয়াসার ঘুম ভাঙছে না।
গ্যাস-সংকট
পুরো যাত্রাবাড়ী এলাকায় গ্যাস-সংকটও প্রকট বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর যাত্রাবাড়ীর মো. বাচ্চু মিয়া বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত এই এলাকায় গ্যাস থাকে না। বিকেল থেকে আবার রাত নয়টা পর্যন্ত লাইনে গ্যাসের চাপ কম থাকে। তাই অনেক সময় বাড়ির ছাদে লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্নাবান্না করতে হয়। অথচ মাস শেষে ঠিকই গ্যাস বিল দিতে হচ্ছে।
মাদকসেবীদের উপদ্রব
দক্ষিণ যাত্রাবাড়ীতে আছে ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের চন্দন খোঁটা কমিউনিটি সেন্টার। চারতলা এই কমিউনিটি সেন্টার এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডা বসে। অনেক সময় মাদক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওয়াপদা কলোনিতেও মাদকসেবীদের উপদ্রব আছে বলে জানান স্থানীয় লোকজন।
শহীদ ফারুক সড়কের বাসিন্দা কামাল আহমেদ বলেন, চার-পাঁচ দিন আগেও মাদক বিক্রি নিয়ে মহল্লার মাদকসেবী ও খুচরা ব্যবসায়ীদের দুই পক্ষের মারামারি হয়েছে। কয়েকজন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। মাঝেমধ্যে পুলিশ এই মাদকসেবীদের ধরলেও কয়েক ঘণ্টা পর আবার তারা কীভাবে যেন ছাড়া পেয়ে যায়। অথচ তাদের কারণে মহল্লার তরুণদের একটি বড় অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। কমিউনিটি সেন্টারেও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান কম হচ্ছে।
ওয়াপদা কলোনির বাসিন্দা ওমর আলী বলেন, যাত্রাবাড়ী এলাকার ফুসফুস হিসেবে পরিচিত ওয়াপদা কলোনি। পুকুর-গাছপালা-খেলার মাঠ নিয়ে থাকা এই কলোনিতে স্থানীয় মানুষ সকাল-সন্ধ্যা বেড়াতে যায়। কিন্তু দিনে দিনে কলোনিতে বাড়ছে বখাটেদের আড্ডা ও মাদক সেবনের প্রবণতা। বিশেষ করে কলোনির খেলার মাঠ, শ্যামলী ভবন, স্টাফ কোয়ার্টার, পুকুর পাড় ও পিডিবির বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যার পর নিয়মিত মাদক সেবন করে বহিরাগত লোকজন। সন্ধ্যার পরই জটলা করে এসব জায়গায় মাদক সেবন চলে।

ওয়াসা, তিতাস ও পুলিশের দিকে তাকিয়ে কাউন্সিলর
২০১৫ সালে সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন দেলোয়ার হোসেন খান। গতকাল তাঁর ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। প্রথম আলো: আপনার ওয়ার্ডে খাওয়ার পানির সংকট আছে। আপনার বাড়িতে কি পানি পাওয়া যায়? কাউন্সিলর: আমার ওয়ার্ডের প্রত্যেকের বাড়িতে পানির প্রায় একই অবস্থা। বিষয়টি ওয়াসাকে কয়েকবার জানানো হয়েছে। কিন্তু ওয়াসা কোনো উদ্যোগ নিচ্ছে না। প্রথম আলো: গ্যাস-সংকটও তো আছে। কাউন্সিলর: তিতাসকে একাধিকবার চিঠি দিয়ে তা জানানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কোনো আশা দেখছি না। প্রথম আলো: মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উপদ্রব বন্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন? কাউন্সিলর: এই মাদক ব্যবসায়ীদের সঙ্গে একটি প্রভাবশালী মহল জড়িত। তাদের সহায়তায় সমাজে মাদকের বিস্তার ঘটছে। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালালেও তারা আবার বেরিয়ে আসছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পুলিশের সহযোগিতা চাই। প্রথম আলো: যাত্রাবাড়ী চৌরাস্তায় যানজট দীর্ঘদিনের সমস্যা। তাহলে উড়ালসড়ক করে কী লাভ হলো? উড়ালসড়কের নিচের রাস্তারই বা এই হাল কেন? কাউন্সিলর: যাত্রাবাড়ী চৌরাস্তার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিভাগকে হিমশিম খেতে হচ্ছে। পরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলায় আনা দরকার। প্রথম আলো: মহাসড়কে মাছের আড়ত। কোনো পদক্ষেপ নিয়েছেন? কাউন্সিলর: একাধিকবার মাছের আড়তটি উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহলের কারণে আবার তারা বসে পড়ছে। তবে পুলিশ আন্তরিকভাবে চাইলে সড়কে আড়ত বসতে পারে না। প্রথম আলো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশ গর্তে ভরা...। কাউন্সিলর: সড়কটি সংস্কারে বহু আগেই দরপত্র হয়েছে। কিন্তু ঠিকাদার ঠিকমতো কাজ করছেন না। বিষয়টি ডিএসসিসির সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।