দুর্ভোগ মিরপুরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়াসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর-১ নম্বর রাস্তায় নামেন মেরিডিয়ান ফ্যাশনসের শ্রমিকেরা। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন তাঁরা। ছবিটি গতকাল বিকেলে কমার্স কলেজ রোড থেকে তোলা l প্রথম আলো
বকেয়াসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর-১ নম্বর রাস্তায় নামেন মেরিডিয়ান ফ্যাশনসের শ্রমিকেরা। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন তাঁরা। ছবিটি গতকাল বিকেলে কমার্স কলেজ রোড থেকে তোলা l প্রথম আলো

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরে গতকাল সোমবার দিনভর প্রায় অচল ছিল রাজধানীর বৃহত্তর মিরপুর। শ্রমিকেরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন পুলিশের সঙ্গে। খোঁড়াখুঁড়ি ও ভাঙা সড়কের কারণে এমনিতেই মিরপুরে তীব্র যানজটের দুর্ভোগ নৈমিত্তিক, গতকাল তা চরমে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলেছে, মিরপুর-১-এর কলওয়ালাপাড়ার মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় গিয়ে ফটকে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ছাঁটাই, বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে তাঁরা রাস্তায় নেমে হাতে লাঠি নিয়ে বিক্ষোভ শুরু করেন। মিছিল করে তাঁরা ওই এলাকার আরও কয়েকটি পোশাক কারখানার সামনে গিয়ে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। একপর্যায় ওই এলাকার কারখানাগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ওই সব কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। কয়েক শ শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের প্রধান সড়কে নেমে কয়েকটি যানবাহন ভাঙচুর করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশের লাঠিপেটায় ১০ থেকে ১২ জন শ্রমিক আহত হন বলে দাবি শ্রমিকদের। দুপুর ১২টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলেও পরে তাঁরা আবার সনি প্রেক্ষাগৃহের সামনে অবস্থান নেন। এর মধ্যে বকেয়া পাওনার বিষয়ে আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধিদল পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে যায়।

সড়ক অবরোধ ও ভাঙচুরের মুখে গতকাল দিনভর অবরুদ্ধ ছিল মিরপুর, জনভোগান্তি ছিল চরমে। সনি সিনেমার সামনে থেকে বিকেলে তোলা ছবি l প্রথম আলো
সড়ক অবরোধ ও ভাঙচুরের মুখে গতকাল দিনভর অবরুদ্ধ ছিল মিরপুর, জনভোগান্তি ছিল চরমে। সনি সিনেমার সামনে থেকে বিকেলে তোলা ছবি l প্রথম আলো

ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতে। তীব্র জটে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থাকতে হয়। স্কুল ছুটির পর শিক্ষার্থীদের কষ্ট হয় বেশি।

দিনভর মিরপুর ১ নম্বর থেকে টেকনিক্যাল মোড়, মাজার রোড, মিরপুর ১০ নম্বর হয়ে কালশী সড়কে তীব্র যানজট হয়। শিয়ালবাড়ী, মিরপুর ২ নম্বর থেকে কয়েকটি জেলার দূরপাল্লার বাস ছাড়ে। সেই বাসগুলোও আটকা পড়ে।

জটে আটকে থাকা গাড়িচালক রাসেল প্রথম আলোকে বলেন, সকালে স্কুল শেষে গাড়িমালিকের মেয়েকে নিয়ে ফেরার পথে তিনি ৬০ ফুট রাস্তায় আটকা পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মালিকের অফিস থেকে লোক এসে শিশুটিকে নিয়ে যায়। বিকেল চারটার পর কোনোমতে বাসায় ফিরতে পেরেছেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত রোববার রাত থেকেই বেতন-ভাতা নিয়ে ওই কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। গতকাল সকালেও তাঁরা রাস্তায় নামলে পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকেরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এতে শাহ আলী থানার পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকেরা দিনভর সনি প্রেক্ষাগৃহের সামনে সড়ক আটকে বসে ছিলেন। বিপুলসংখ্যক পুলিশ তাঁদের ঘিরে রাখে। এর মধ্যেও বিকেল সাড়ে চারটার দিকে এখান থেকে কিছু শ্রমিক শিয়ালবাড়ীতে রাইজিং গার্মেন্টসে ভাঙচুর করতে গেলে সেখানকার শ্রমিকেরা ও পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীরা কয়েকটি বাস ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, শ্রমিকদের সঙ্গে লাঠি হাতে অনেক স্থানীয় উঠতি সন্ত্রাসীও হামলা-ভাঙচুরে যুক্ত হয়। এসব কারখানার শ্রমিকদের বেশির ভাগই নারী। কিন্তু লাঠি হাতে বেশি তৎপর দেখা গেছে কিছু উঠতি কিশোরকে।

মিরপুর ১ নম্বরের চিড়িয়াখানা সড়ক, কলওয়ালাপাড়া এলাকায় বেশ কিছু পোশাক কারখানা রয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে প্রায় সব কারখানায় কাজ বন্ধ হয়ে যায়। সরকারি সংস্থা কলকারখানা পরিদর্শন পরিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, মেরিডিয়ান কারখানার মূল কাজ সেলাই করা। মোট শ্রমিক ৫৪২ জন, যার মধ্যে ৪৬১ জন নারী। তবে শ্রমিকেরা বলেছেন, কারখানাটিতে প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন।

দুপুরে মেরিডিয়ান কারখানার এক শ্রমিক বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে তাঁদের আধা মাসের বেতন দেওয়া হয়েছিল। আরও তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এসব নিয়ে কারখানার ২২ জনের একটি শ্রমিক প্রতিনিধিদল মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছিল। হঠাৎ শোনা যায় ওই ২২ জনের বকেয়া পরিশোধ করে ছাঁটাই করা হয়েছে। এ পরিস্থিতিতে রোববার রাতেই শ্রমিকেরা বিক্ষোভ করেন। গতকাল সকালে সবাই এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন।

ওই নোটিশে বলা হয়েছে, অবৈধ ধর্মঘটের কারণে বাংলাদেশের শ্রম আইন ২০০৬, ধারা ১৩ অনুযায়ী ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি অনুকূলে না এলে বন্ধের মেয়াদ বাড়ানো হবে।

বিজিএমইএ কার্যালয়ে বৈঠকে কারখানা খুলে দেওয়াসহ শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড কর্তৃপক্ষ। রাতে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, বৈঠকে শ্রমিকদের দাবি অনুযায়ী তাঁদের সঙ্গে কর্মকর্তাদের দুর্ব্যবহার বন্ধ ও মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিষয়টি মেনে নিয়েছে মালিকপক্ষ। এ ছাড়া ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, ভুক্তভোগী শ্রমিকেরা যদি ছাঁটাইয়ের বিরুদ্ধে তিন দিনের মধ্যে লিখিত অভিযোগ করেন তাহলে মালিকপক্ষ ও বিজিএমইএ বসে নিষ্পত্তি করে দেবে। আজ মঙ্গলবার থেকে কারখানা খুলে দেবে মালিকপক্ষ।