চট্টগ্রামে রেলওয়ের বিভিন্ন কলোনিতে একের পর এক গ্যাসের চাপ নিয়ন্ত্রক বা রাইজার (ভালভ) চুরি হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। একটি সংঘবদ্ধ চক্র কয়েক দিন পরপর এই রাইজার চুরি করে নিয়ে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আবার রাইজার লাগিয়ে দেয়।
একজন মাত্র ঠিকাদার রেলওয়ে কলোনির বেশির ভাগ গ্যাসের কাজ করে থাকেন। তাঁর নাম অহিদুল ইসলাম। একজনের হাতে নিয়ন্ত্রণ থাকার কারণে বারবার এ চুরি সংঘটিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ভুক্তভোগীরা।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে নগরের হাসপাতাল কলোনিতে আট-নয়টি রাইজার চুরির ঘটনা ঘটে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই কলোনিতে অনুরূপভাবে ছয়-সাতটি রাইজার চুরি হয়। একেকটি রাইজারের মাধ্যমে অন্তত পাঁচটি ঘরে গ্যাস বিতরণ করা হয়।
ভুক্তভোগী আবদুল মালেক নামের এক বাসিন্দা বলেন, ‘বারবার রাইজার চুরি হওয়ার কারণে আমরা বিপদের মধ্যে রয়েছি। একবার চুরি হলে মেরামত করতে চার-পাঁচ দিন লেগে যায়। এগুলো খুলতে-বাঁধতে জানে এমন কেউ এই চুরি করছে বলে মনে হয়।’
জানা গেছে, এর আগে আমবাগান রেলওয়ে কলোনি, কদমতলী ইঞ্জিনিয়ারিং কলোনি, টিকিট প্রিন্টিং কলোনি, টাইগার পাস রেলওয়ে কলোনিসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছে। চট্টগ্রামে রেলওয়ের বিভিন্ন কলোনিতে অন্তত সাত হাজার পরিবার বাস করে। রেলওয়ে কলোনি ছাড়া অন্য কোথাও এসব চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে না।
মাস খানেক আগে কদমতলী রেলওয়ে কলোনিতে রাইজার চুরি হলে আট পরিবার দুর্ভোগে পড়ে। ভুক্তভোগী গোলাম মোহাম্মদ নামের একজন জানান, চুরির সপ্তাহ খানেক পর রেলওয়ের তালিকাভুক্ত রিপন নামের এক ঠিকাদার লাগিয়ে দেন।
জানা গেছে, চুরি যাওয়ার পর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-২-এ মেরামতের জন্য আবেদন করতে হয়। এরপর যাচাই-বাছাই করে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। পরে ঠিকাদার লাগিয়ে দেন।
জানতে চাইলে বিভাগীয় প্রকৌশলী-২ তরুণ কান্তি বালা প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন ধরে বিভিন্ন কলোনিতে রাইজার চুরি বেড়েছে। হয়তো রেলওয়ে কলোনিগুলো ঝোপঝাড়ের মধ্যে এবং এখানে বাইরের লোক বেশি থাকে সে কারণে চুরি হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ নিজস্ব খরচে আবার এগুলো লাগিয়ে দেয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন মাত্র ঠিকাদার এই মেরামতকাজ করে। অন্যরা আসতে চায় না। কারণ, কাজটি একটু ঝুঁকিপূর্ণ। একজন ঠিকাদার হওয়ার কারণে তারা সেটা করছে কি না সেটা আমি বলতে পারব না।’
জানা গেছে, প্রতিটি রাইজারের জন্য পাঁচ হাজারের বেশি টাকা খরচ পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে বাখরাবাদ কিংবা স্থানীয় দোকান থেকে এসব রাইজার কিনে থাকে।
জানতে চাইলে ঠিকাদার অহিদুল ইসলাম ওরফে রিপন বলেন, ‘বেশি চুরি হচ্ছে সেটা সত্য। আর রেলওয়ের কাজ বেশির ভাগ আমরাই করি। একটা-দুইটার জন্য সেভাবে টেন্ডার হয় না। একটি কার্যাদেশ দিয়ে দেয়। এখন কারা কেন চুরি করছে সেটা আমরা কীভাবে বলব? রেলের সরকারি কলোনি বলেই হয়তো নিরাপত্তা কম। তাই চুরি হচ্ছে।’