দুর্ভোগ সঙ্গে নিয়ে বাড়ি ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়া। টিকিটি না পেয়ে বাসের ছাদে উঠেই রওনা দিয়েছেন অনেকে। ছবি: ফোকাস বাংলা
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়া। টিকিটি না পেয়ে বাসের ছাদে উঠেই রওনা দিয়েছেন অনেকে। ছবি: ফোকাস বাংলা

সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি তো ছিলই। ঘরে ফেরা মানুষের সেই ভোগান্তিটাকেই চরমে নিয়ে গেল দুঃসহ যানজট। এই ভোগান্তি নিয়েই শুরু মানুষের ঈদের আনন্দযাত্রা।

যাত্রীরা অভিযোগ করেছেন, কাউন্টারে বাস আসতেও দেরি করেছে। এ ছাড়া সকালে যাঁরা ঢাকা থেকে দূর পাল্লার বাসের উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁদের ঢাকার প্রবেশপথ থেকে বের হতেই তিন বা সাড়ে তিন ঘণ্টা লেগেছে।
রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, ফকিরাপুল, কমলাপুর এলাকার বাস কাউন্টারগুলোর সামনে গতকাল রোববার সারা দিন ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বাস কর্তৃপক্ষ জানায়, যাঁরা পরিবারকে আগে বাড়িতে পাঠিয়ে দিতে চান তাঁদের অনেকে গতকাল থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন। আজকে সোমবার এই ভিড় আরও বেশি হবে বলে মনে করছেন তাঁরা।
এস আর পরিবহনের উপ-মহাব্যবস্থাপক প্লাবন বলেন, রোববার থেকেই বেশি সংখ্যক মানুষ ঈদে বাড়ি যাওয়া শুরু করেছে। প্রতিদিন এই সংখ্যা বাড়বে থাকবে। বাসের দেরি প্রসঙ্গে তিনি দাবি করেন তাঁদের বাস সঠিক সময়ে কাউন্টারে এসেছে; তবে যানজটের কারণে ঢাকা থেকে বের হতে বেশি সময় লেগেছে।
ঢাকা থেকে শুভ বসুন্ধরা পরিবহনে লালমনিরহাট যাচ্ছেন গোলাম রাব্বানি। তিনি বলেন, সকালে বাসা থেকে বেরোনোর সময় বৃষ্টিতে দুর্ভোগে পড়েন। সকাল সাড়ে আটটার বাসের জন্য তিনি কাউন্টারে গিয়ে নির্ধারিত সময়ে বাস পাননি। পরে সেই বাস ছাড়ে ১০টার দিকে। টেকনিক্যাল মোড় থেকে ঘুরে গাবতলী পার হতেই দুই ঘণ্টা লেগেছে তাঁর বাসের। এরপর তিনি সাভারে ও টাঙ্গাইল এলাকায় লম্বা যানজটে পড়েন। তখন গাড়ি ধীর গতিতে চলে। বিকেল পাঁচটার দিকে তিনি জানান, তিনি বগুড়া পৌঁছেছেন। অন্য সময় হলে এই সময়ের মধ্যে তিনি বাড়ির কাছাকাছি চলে যেতেন।
দেরি করে কাউন্টারে বাস আসার কারণ জানতে চাইলে শুভ বসুন্ধরার কাউন্টার ম্যানেজার মো. রফিক দেরি করার কথা স্বীকার করে বলেন, যে সময় গাড়ি বের করা হয়েছে সে সময় ঢাকার অফিসগামী মানুষের ভিড়, পশুর ট্রাকের চাপ ও যানজটের কারণে কাউন্টারে গাড়ি আসতে দেরি কয়েছে।
বগুড়া গন্তব্যের আরেক যাত্রী আবুল কালাম এস আর পরিবহনে করে যাওয়ার জন্য বাসা থেকে বের হন দুপুর ১২টায়। তিনি জানান, বাস যথাসময়ে কাউন্টার থেকে ছেড়ে যায় কিন্তু গাবতলী পার হতে তাঁর দুই ঘণ্টা লেগে যায়। একই ভাবে তিনিও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে পড়েন।
বাস কর্তৃপক্ষ জানান, বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় গর্ত ও কাদা সৃষ্টি হয়েছে। এ কারণে গাড়ি জোরে চালানো যাচ্ছে না। এ ছাড়া অনেকগুলো গাড়ি এক সঙ্গে ছাড়ার কারণে যানজটে পড়তে হচ্ছে। এ ছাড়া মহাসড়কে নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তাঁরা। পশুবাহী ট্রাকের বিশৃঙ্খল যাতায়াতের কারণেও যানজট তৈরি হয়েছে বলে মনে করেন তাঁরা। তারা আরও জানান, সবচেয়ে বেশি যাত্রীর চাপ থাকবে ঈদের আগে শেষ কর্ম দিবস বুধবার।