দুর্ভোগে আটটি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনিঘাট গ্রামে একটি বাড়ির লোকজনের চলাচলের কাঁচা রাস্তা এক সাবেক জনপ্রতিনিধি জোর করে কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই বাড়িতে বসবাসকারী আটটি পরিবার ও পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে।এ ঘটনায় জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বটনিঘাটের বাসিন্দা আনফর আলী, আরব আলী ও রইছ আলী—এই তিন ভাই মিলে প্রায় ১৫ বছর আগে বাড়িতে প্রবেশের জন্য প্রতিবেশী আবদুল হান্নান চৌধুরীর কাছ থেকে ২৪ শতক জমি কিনে মাটি ভরাট করে ১৫ ফুট চওড়া রাস্তা তৈরি করেন।হান্নান চৌধুরী স্থানীয় সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। সম্প্রতি আনফর আলী জমিজমা বিক্রি করে তাঁর পরিবার নিয়ে অন্যত্র চলে যান। রাস্তার একাংশ তিনি হান্নানের কাছে বিক্রি করে দেন। ১৫ এপ্রিল হান্নান তাঁর লোকজনকে দিয়ে জোর করে পুরো রাস্তাটি কেটে ফেলেন। এ ঘটনায় আরব আলী ওই দিন বিকেলে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন। সরেজমিন দেখা গেছে, বটনিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষে রাস্তাটির অবস্থান। কলাগাছের কয়েকটি চারা রোপণ করে কাটা রাস্তার প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির লোকজন বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল করছে। বিদ্যালয়ের একাধিক খুদে শিক্ষার্থী জানায়, কাটা রাস্তা দিয়ে আগে তারা সহজে আসা-যাওয়া করত। এখন কিছু পথ ঘুরতে হয়। আরব আলী (৪৫) বলেন, ‘হান্নান চৌধুরী তাঁর কেনা অংশ কাটলে আমাদের বাধা ছিল না। কিন্তু আমাদের বাকি দুই ভাইয়ের অংশ কাটার অধিকার তো তাঁর নেই।’ তাঁর অভিযোগ, গত ইউপি নির্বাচনে পক্ষে কাজ না করায় হান্নান চৌধুরী ক্ষোভে এ কাজটি করেছেন। অভিযুক্ত আবদুল হান্নান চৌধুরীকে ওই দিন বাড়িতে খোঁজ করে মেলেনি। পরবর্তী সময়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তা ও জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। হান্নান চৌধুরী কাজটি মোটেই ঠিক করেননি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’