দুর্ভোগে কাহিল যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই। তাই ছাদে বসেই বাড়ির উদ্দেশে যাত্রা। ছবিটি গতকাল দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা ষ প্রথম আলো
লঞ্চের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই। তাই ছাদে বসেই বাড়ির উদ্দেশে যাত্রা। ছবিটি গতকাল দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা ষ প্রথম আলো

ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। কিন্তু সব কটি মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে দূরপাল্লার বাসের যাত্রীরা।
পথ দখল করে কোরবানির পশুর হাট, পশুবোঝাই ট্রাকের এলোপাতাড়ি চলাচলসহ গতকাল শুক্রবার একাধিক স্থানে সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের পর থেকে মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত যানজট ছিল।
এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত গতকাল ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। কালিয়াকৈর-নবীনগর সড়কেও দীর্ঘ যানজট দেখা দেয়।
ঘরমুখী নদীপথের যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল গতকাল সদরঘাট টার্মিনালে। হকার ও কুলিদের উৎপাত ছিল যাত্রীদের বাড়তি যন্ত্রণার কারণ।

গতকাল রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, মহাসড়কগুলোতে যানজটের কারণে প্রায় সব গন্তব্যের বাস চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে ছেড়েছে।

গাবতলী থেকে রংপুর যাওয়ার জন্য গতকাল সকাল সাতটায় টি আর ট্রাভেলসের বাসে ওঠেন একটি বেসরকারি মেডিকেলের চিকিৎসক ফারাহ মুনতাহা। মুঠোফোনে তিনি জানান, সাধারণত পাঁচ ঘণ্টায় ঢাকা থেকে রংপুর পৌঁছানো যায়, কিন্তু রাত আটটায় কেবল বগুড়া যেতে পেরেছেন।

এস আর পরিবহনের উপমহাব্যবস্থাপক মো. প্লাবন জানান, পূজা ও ঈদের লম্বা ছুটির কারণে এবার একটু আগেই মানুষ বাড়ি ফিরছে। এতে যাত্রীর চাপও বেশি। পথ দখল করে কোরবানির পশুর হাট ও মহাসড়কে পশুবোঝাই ট্রাকের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই সময়মতো বাস ছাড়া যাচ্ছে না।

সদরঘাট টার্মিনালে ভিড়: কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত সদরঘাট নৌবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ৬২টি লঞ্চ ছেড়ে গেছে। সব কটি লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।

বরগুনাগামী এমভি বন্ধন লঞ্চের যাত্রী মো. মাসুম মিয়া জানান, সকাল ১০টায় এসেও ডেকে বসার ভালো জায়গা পাননি। লঞ্চ ছাড়বে সন্ধ্যা ছয়টায়। কচুক্ষেত থেকে আসা ভোলার যাত্রী মো. মিলন টার্মিনাল এলাকায় হকারদের উৎপাতের অভিযোগ করেন।

রাঙ্গাবালীগামী জাহিদ-৪ লঞ্চের ডেকের যাত্রী মো. কবির হোসেন অভিযোগ করেন, ডেকের ভাড়া ২৮০ থেকে ৩০০ টাকা দাবি করা হচ্ছে। অথচ ১৫ দিন আগে তিনি ২০০ টাকায় আসেন। অবশ্য অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সদস্য ও ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেন।

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ সড়কে যানজট: গাজীপুর ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় গতকাল ভোরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা পর কালিয়াকৈর থানার পুলিশ এসে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। কিন্তু ইতিমধ্যে সড়কের উভয় দিকে ৩০ কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে তিন দিকেই যানজটের সৃষ্টি হয়েছে, থেমে থেমে যানবাহন চলছে। গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় মহাসড়কে খানাখন্দ থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বোর্ডবাজারে যানজটের মাত্রা বেশি। এই পথের ‘হাই সুপার’ পরিবহনের তত্ত্বাবধায়ক আফজাল হোসেন বলেন, রাজশাহী থেকে চন্দ্রা আসতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগে। আজ লেগেছে প্রায় আট ঘণ্টা।

দাউদকান্দি এলাকায় চার দুর্ঘটনা: দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কুমিল্লাগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরাতে প্রায় এক ঘণ্টা লাগে।

এদিকে ভোররাতে মেঘনা-গোমতী সেতুর ওপর ঢাকাগামী একটি ট্রাকের চাকা ফেটে গেলে সড়কে যানজট বাধে। সকালে চান্দিনার হাঁড়িখোলায় কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এবং দুপুরে দাউদকান্দির স্বল্প পেন্নাই এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, একের পর এক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে বার আউলিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ায় ঘরমুখী হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে।