দুর্ভোগে দুই উপজেলার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের বেহালদশার কারণে দীর্ঘদিন থেকে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে ওই দুটি উপজেলার বাসিন্দারা। নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে যোগাযোগের একমাত্র অবলম্বন ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির নবীনগর অংশের কোনাঘাট থেকে শ্যামগ্রাম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই অংশের ৯৫ শতাংশ স্থানের কার্পেটিং ও ইট সম্পূর্ণ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। গত আট বছরেও সড়কের ওই অংশে কোনো সংস্কারকাজ হয়নি। তবে সড়কের বাঞ্ছারামপুর অংশের প্রায় ১২ কিলোমিটারের অবস্থা ভালো। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন এ সড়কটি দিয়ে প্রতিদিন দুই উপজেলার প্রায় ১২টি ইউনিয়নের কয়েক শ মানুষ যাতায়াত করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, জনগুরুত্বপূর্ণ এ সড়কে সিএনজি অটোরিকশা, টেম্পোসহ বিভিন্ন ধরনের ছোট যানবাহনে এই দুই উপজেলার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তা এবড়োখেবড়ো হওয়ার কারণে যাত্রীদের একদিকে প্রচণ্ড ঝাঁঁকুনি খেতে হচ্ছে, অন্যদিকে ধুলাবালুতে মাখামাখি হতে হচ্ছে। শ্যামগ্রাম ও রসুল্লাবাদ গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, কয়েক বছর ধরে পর্যায়ক্রমে সড়কটি থেকে কার্পেটিং, ইট ও বালু উঠে গিয়ে সড়কটির এমন বেহালদশা হয়েছে। সড়কটি দিয়ে হেঁটে চলাও কষ্টকর। রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আকবর ও শ্যামগ্রাম ইউপির চেয়ারম্যান নাছির উদ্দিন অভিযোগ করেন, সড়কের রসুল্লাবাদ-শ্যামগ্রামের মাত্র দুই কিলোমিটার অংশের সংস্কারের জন্য গত বছর দরপত্র আহ্বান করা হয়। এই কাজে দুই কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। কিন্তু ওই কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েক মাস আগে কাজ সম্পূর্ণ না করেই আকস্মিকভাবে তা বন্ধ করে দেয়।নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ‘সড়কটির সংস্কার ও মেরামতে তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।’সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নবীনগর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. তাহের উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সড়কটির সংস্কার ও মেরামতকাজের জন্য দরপত্র প্রক্রিয়াধীন। আশা করছি, শিগগিরই কাজ শুরু করা যাবে।’ সড়কের দুই কিলোমিটার অংশের কাজ বন্ধ রাখার ব্যাপারে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ঠিকাদারকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর পরও কাজ শুরু না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’