দুর্ভোগে বাঁশখালীর বিচারপ্রার্থী মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাকিমের পদ একটি। কিন্তু বিচারক শিক্ষা ছুটিতে থাকায় ওই আদালতের সব মামলা চলে গেছে চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত-১–এ। এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রত্যাশী, আইনজীবী ও আদালত–সংশ্লিষ্ট কর্মচারীরা। শুনানিতে অংশ নিতে এখন যেতে হচ্ছে ৫০ কিলোমিটার দূরের চট্টগ্রাম শহরে।

বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক আদালতের আদালত সহকারী নজরুল ইসলাম বলেছেন, বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম সাজ্জাদ হোসেন গত ৩ অক্টোবর থেকে এক বছরের শিক্ষা ছুটিতে রয়েছেন। বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের পদ একটি। বর্তমানে এই আদালতে জমে থাকা মোট মামলার সংখ্যা প্রায় দুই শ।

বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত-১–এর বিচারক হোসেন মোহাম্মদ রেজাকে আগের দায়িত্বের পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসেবে বাঁশখালীর এই আদালতের দায়িত্ব দেওয়া হয়েছে। শুনানিতে অংশ নিতে মামলার বাদী, বিবাদী ও সাক্ষীদের এখন চট্টগ্রাম শহরে যেতে হচ্ছে। সাক্ষীদের দূরে যেতে অনাগ্রহ এবং বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মামলাগুলো চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত-১–এর বাড়তি দায়িত্ব হওয়ায় বাড়ছে মামলা জট।

এ ঘটনার একজন ভুক্তভোগী হলেন বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলী। বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দায়ের করা একটি মামলার আসামি তিনি। জামিনের জন্য তাঁকে এই এক মাসে কয়েকবার চট্টগ্রাম শহরে যেতে হয়েছে।

একই অবস্থা আরেক ভুক্তভোগী হোসেন আহমদের। তিনি বলেন, মামলা নিষ্পত্তির জন্য তাঁকে চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে শুনানিতে যেতে হচ্ছে। বাড়তি টাকা না দিলে সাক্ষীরা শহরে যেতে চান না বলে দাবি করেন তিনি।

বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তোফাইল বিন হোসাইন প্রথম আলোকে বলেন, নতুন বিচারক নিয়োগের জন্য সপ্তাহ খানেক আগে তাঁরা আইন মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সেখানে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার সঙ্গে দেখা করে কথা বলেছেন।