দুর্ভোগে যাত্রীরা, পণ্য পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছেন নৌযানশ্রমিকেরা। এতে একদিকে দুর্ভোগে পড়েছে যাত্রীরা, অন্যদিকে বন্দরগুলোতে বন্ধ রয়েছে জাহাজে পণ্য বোঝাই-খালাস ও পরিবহন। চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন স্থানে শত শত জাহাজ ও নৌযানে আটকা পড়ে আছে অন্তত ২০ লাখ টন পণ্য।
সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করা, নৌনিরাপত্তাসহ ১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ নৌযান ফেডারেশন ও নৌযান শ্রমিক ইউনিয়ন একযোগে এই ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে অচল হয়ে পড়ে ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনাল। এতে দক্ষিণাঞ্চলের ৩৭টি গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। তবে হাতে গোনা কয়েকজন মালিক তাঁদের নৌযান চালানোর ব্যবস্থা করেন। ঢাকা নদীবন্দর সূত্র বলেছে, ভোর ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী লঞ্চ এসেছে ৪৯টি। আর ঢাকা নদীবন্দর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়েছে চারটি।
বুধবার রাতে ধর্মঘট শুরুর পরপরই সদরঘাট টার্মিনাল থেকে সব লঞ্চ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। গতকাল সকাল থেকে চাঁদপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের যাত্রীরা গন্তব্যে যেতে সদরঘাট টার্মিনালে ভিড় জমায়। অনেকে পন্টুনে মালামাল নিয়ে লঞ্চের অপেক্ষায় বসে থাকে। দুপুরের পর থেকে দক্ষিণাঞ্চলের বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালীসহ বেশ কয়েকটি অঞ্চলের যাত্রীরা টার্মিনালে আসতে শুরু করে। তারাও লঞ্চ না পেয়ে টার্মিনালে বসে থাকে। লঞ্চের দেখা না পেয়ে বিকেল চারটার পর টার্মিনাল ত্যাগ করে তাদের অনেকে।
সদরঘাট টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী মিনারা বেগম (৫০) বলেন, ‘গাজীপুর থেকে এসেছি। বরিশাল যাব। টার্মিনালে লঞ্চ নেই। কখন আসবে কেউ বলতে পারছে না। আবার যে গাজীপুরে ফিরে যাব, বেশি টাকা না থাকায় সেই উপায়ও নেই। কী করব? নিরুপায় হয়ে টার্মিনালেই বসে আছি। লঞ্চ এলে বাড়ি যাব।’
বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। কিছু লঞ্চের মালিকেরা নিজেদের প্রভাব খাটিয়ে লঞ্চের কেরানি ও কর্মচারীদের দিয়ে লঞ্চ চালানোর চেষ্টা করছেন।
এদিকে অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (জাপো) ঢাকা নদীবন্দরের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন বলেন, দাবি-দাওয়ার মধ্যে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি তাঁরা বিবেচনা করছেন। শ্রমিকদের দাবি-দাওয়া বেশি। তিনি বলেন, ‘যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে আমরা লঞ্চ চালানোর চেষ্টা করছি।’
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ : ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একইভাবে বন্দর থেকে লাইটার জাহাজে সারা দেশে পণ্য পরিবহন কার্যক্রমও অচল হয়ে পড়েছে। সরকারি-বেসরকারি সংস্থার হিসাবে, বহির্নোঙরে ৪৯টি বিদেশি বড় জাহাজে এবং সারা দেশের নদীপথ ও ঘাটে ৬৮১টি দেশীয় ছোট জাহাজে আটকা পড়েছে প্রায় ২০ লাখ টন আমদানি করা পণ্য।
ধর্মঘটের আওতায় পণ্য, যাত্রীবাহী ও মাছ ধরার নৌযান থাকলেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বিদেশি বড় জাহাজগুলোতেও কাজ হচ্ছে না। কেননা, এসব জাহাজের পণ্য খালাসে দরকার লাইটার জাহাজ। ধর্মঘট পলনকারীদের মধ্যে লাইটার জাহাজের শ্রমিকেরাও রয়েছেন।
পণ্য খালাস বিষয়ে চট্টগ্রাম বন্দরের দৈনিক প্রতিবেদনে দেখা যায়, বহির্নোঙরে বুধবার ৪৯টি বিদেশি বড় জাহাজ আমদানি পণ্য নিয়ে অবস্থান করছিল। এসব জাহাজে আটকা পড়েছে ১২ লাখ ৩০ হাজার ৬০১ টন পণ্য। পণ্যের মধ্যে রয়েছে পৌনে চার লাখ টন অশোধিত চিনি, গম, মটর ডালসহ ভোগ্যপণ্য। এ ছাড়া সিমেন্ট, সিরামিক ও ইস্পাতশিল্পের কাঁচামাল রয়েছে প্রায় সাড়ে আট লাখ টন।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা বলেন, আমদানি পণ্য নিয়ে আসা যেসব বড় জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারে না, সেগুলো বহির্নোঙরে রাখা হয়। এরপর সেগুলো থেকে পণ্য স্থানান্তর করে লাইটার জাহাজ বা ছোট আকারের জাহাজে রাখা হয়। পরে চট্টগ্রামমুখী পণ্য কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে এনে খালাস করা হয়। নদীপথে দেশের আরও অন্তত ৩৫টি স্থানে লাইটার জাহাজে পণ্য নিয়ে খালাসের সুবিধা আছে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, বাঘাবাড়ী, নগরবাড়ী, আশুগঞ্জ, রূপসী, ভৈরব, নওয়াপাড়া ইত্যাদি। ধর্মঘটে সব ঘাটে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ছোট আকারের জাহাজ পরিচালনাকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল বলেছে, ধর্মঘটের আগে বন্দরের বড় জাহাজগুলো থেকে পণ্য স্থানান্তর করে ৬৮১টি লাইটার জাহাজে বোঝাই করা হয়েছিল। এসব লাইটার জাহাজ সারা দেশের বিভিন্ন ঘাট ও নদীপথে অবস্থান করছে। এগুলোতে আটকা পড়েছে ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামালসহ ৭ লাখ ৭৯ হাজার ৭৯৫ টন পণ্য।
ধর্মঘটের সমর্থনে গতকাল বাংলাবাজার এলাকায় মিছিল-সমাবেশ করেন কয়েক হাজার শ্রমিক।
বরিশাল থেকে লঞ্চ ছাড়েনি: বরিশাল নদীবন্দরে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত দাবি আদায়ে বিক্ষোভ-মিছিল করেন নৌশ্রমিকেরা। নৌচলাচল বন্ধ হওয়ায় অনেক যাত্রী নদীবন্দরে এসে লঞ্চ না পেয়ে ফিরে যায়। দুপুরে বরিশাল নদীবন্দরে গিয়ে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী লঞ্চ নোঙর করা রয়েছে।
পারিজাত লঞ্চের শ্রমিক মো. ফয়সাল আহম্মেদ বলেন, ‘বর্তমানে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো ঘোষণা করায় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। কিন্তু আমাদের মজুরি বাড়ানো হয়নি। আমরা মানুষ কি না, সেটাই বুঝতে পারছি না।’
খুলনা ও মংলা: খুলনা ও মংলা বন্দর থেকেও কোনো নৌযান ছাড়েনি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, খুলনায় ধর্মঘট সর্বাত্মকভাবে পালিত হচ্ছে। খুলনা ও মংলা বন্দরে সব দেশি-বিদেশি জাহাজে পণ্য বোঝাই-খালাস ও পরিবহন বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে আর্থিক ক্ষতিতে পড়েছেন বন্দরের আমদানি-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
মংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) কাজী গোলাম মোক্তাদের বলেন, এ বন্দরে অবস্থানরত ছয়টি জাহাজের তিনটি পশুর চ্যানেলে অবস্থান করছে। সেগুলোর পণ্য বোঝাই, খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। জেটিতে অবস্থানরত তিনটি জাহাজে কাজ চলছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম, বরিশাল ও খুলনা অফিস; কেরানীগঞ্জ (ঢাকা) ও মংলা (বাগেরহাট) প্রতিনিধি}