দুর্ভোগে শেরপুরে বিচারপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে শেরপুরে জেলা ও দায়রা জজসহ শীর্ষস্থানীয় চার বিচারকের পদ শূন্য থাকায় বিচারকাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে প্রতি কার্যদিবসে বিপুল সংখ্যক বিচারপ্রার্থী দুর্ভোগ পোহাচ্ছেন। সেই সঙ্গে ওই চারটি আদালতের দুই হাজার মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার পাশাপাশি কর্মরত আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর শেরপুরের জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলম অবসরকালীন ছুটিতে চলে গেছেন। এরপর থেকে দীর্ঘ দুই মাস ধরে জেলা ও দায়রা জজের পদটি শূন্য রয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা শেরপুর থেকে নরসিংদীতে বদলি হয়ে গেলে তাঁর পদটিও শূন্য হয়ে পড়ে। আর একই কারণে যুগ্ম জেলা জজ-১ এবং অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের পদ দুটি শূন্য রয়েছে যথাক্রমে ছয় মাস ও দুই বছর ধরে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও এসব শূন্য পদে আইন মন্ত্রণালয় থেকে নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। এ অবস্থায় বর্তমানে শেরপুরের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আখতারুজ্জামান নিজ দায়িত্বের অতিরিক্ত ওই শীর্ষ তিন বিচারকের দায়িত্বেও রয়েছেন। কাগজে-কলমে দায়িত্বে থাকলেও একসঙ্গে চার আদালতের বিচারকাজ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে আইনগত বাধাও রয়েছে বলে সূত্র জানায়। শেরপুর জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মো. রফিকুল ইসলাম জানান, জেলা ও দায়রা জজ আদালতে এক হাজার ২০০, অতিরিক্ত জেলা জজ আদালতে ৭০০ এবং যুগ্ম জেলা জজ আদালতে দেড় শতাধিক মামলা বিচারাধীন। এ ছাড়া তদন্তাধীন রয়েছে প্রায় এক হাজার মামলা। গত ১৫ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও গ্রামের ছমিরন বেওয়া (৫৫) বলেন, একটি মাদক মামলায় প্রায় ছয় মাস ধরে তাঁর ছেলে হাজতে থাকলেও বিচারক না থাকায় তিনি অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছেন। কবে তাঁর ছেলের জামিন হবে, তা তিনি জানেন না। ছমিরন বেওয়ার মতো একই অবস্থা বিরাজ করছে অধিকাংশ মামলার আসামির আত্মীয়স্বজনের।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, বিচারকের অভাবে বিচারপ্রার্থীরা একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন. অন্যদিকে তাঁরা অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি অবিলম্বে শেরপুরের ওই চারটি আদালতে বিচারক নিয়োগ দিয়ে বিচারপ্রার্থী মানুষের হয়রানি দূর করার জন্য সরকারের কাছে দাবি জানান।জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল জেলার চার শীর্ষ বিচারক শূন্য থাকায় জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, জেলা ও দায়রা জজসহ অন্য তিনটি গুরুত্বপূর্ণ পদে বিচারক নিয়োগ দেওয়ার জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আইন মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।