দুর্ভোগে সাত গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নে পাহাড়ি ঢলে একটি সেতু ধসে পড়ায় সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার উত্তরে ব্যাঙছড়ি এলাকায় প্রায় ৩০ ফুট দীর্ঘ সেতুটি ধসে পড়েছে। সেতুর দুই দিকে স্থানীয় লোকজন কলা, আখ, পেঁপেসহ নানা পণ্য এনে রেখেছেন। তাঁরা জানান, সেতুটি ধসে পড়ায় দূরদূরান্ত থেকে তাঁদের কাঁধে করে উৎপাদিত পণ্য আনতে হচ্ছে। সেতুটি ধসে পড়ার আগে ব্যবসায়ীরা গিয়ে খেত ও বাগান থেকে গাড়িতে করে সেগুলো নিয়ে আসতেন।
ব্যাঙছড়ি পুরানপাড়ার মংথো চিং মারমা (৫৫) ও কাবলাছড়া গ্রামের সুইমং মারমাসহ (৩৩) কয়েকজন বলেন, গত রোববার বিকেল চারটা থেকে তুমুল বৃষ্টি শুরু হওয়ার পর ব্যাঙছড়ি খালে পাহাড়ি ঢল নামে। ওই ঢলের তোড়ে সেতু ধসে পড়ে।
স্থানীয় লোকজনের অভিযোগ, ওই স্থান থেকে ১০-১২ কিলোমিটার দূরে একটি নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ওই সড়কের জন্য ট্রাকে করে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। ফলে ধসে পড়া সেতু ছাড়াও একই সড়কের আরও কমপক্ষে দুটি সেতু ও দুটি কালভার্ট ঝুঁকিতে পড়েছে।
ব্যাঙছড়ি মারমা পাড়ার উয়ে চিং মারমা (৩৪) বলেন, ‘সেতু ধসে পড়ায় চিৎমরম উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিপড়ুয়া আমার দুই মেয়ে বিদ্যালয়ে যেতে পারছে না।’
কর্ণফুলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রুইহ্লা অং মারমা বলেন, ‘আগে অটোরিকশায় করে চট্টগ্রাম সড়কে গিয়ে বাসে চড়ে কলেজে যেতাম। সেতুটি ধসে পড়ায় প্রায় সাত কিলোমিটার হেঁটে চট্টগ্রাম সড়কে এসে বাসে উঠতে হচ্ছে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আসা মৌসুমি ফল ও সবজি ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল (৩৩) ও মো. আকরাম আজাদ (৫৪) বলেন, ‘ফল ও সবজিচাষিদের বলে দিয়েছি, ধসে পড়া সেতু পার করে না দিলে আমাদের পক্ষে সেগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ, দূর থেকে শ্রমিক এনে মাথায় বা কাঁধে করে সবজি নিলে আমাদের কোনো লাভ থাকবে না।’
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, ‘ধসে পড়ার পরদিন আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে নিয়ে সেতুটি পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। ব্যাঙছড়ি এলাকায় শাকসবজির ফলন ভালো হয়। তাই দ্রুত নতুন সেতু নির্মাণ এবং প্রয়োজনে অন্য সেতু ও কালভার্টগুলো সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’