দুর্ভোগে সাত গ্রামের মানুষ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ছালাবান্দা গ্রামের পশ্চিম জটিয়ারপাড়া-বড় ভাংবাড়ি সড়কের বক্স কালভার্টটি ২০০৭ সালে পানির নিচে দেবে যাওয়ায় সাতটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। জানা যায়, ২০০৭ সালে মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১০ লাখ টাকা ব্যয়ে রইচ উদ্দিন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অদূরে মুকুল ফকিরের বাড়ি কাছে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের তিন মাসের মধ্যেই সেটি দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বক্স কালভার্টটি বর্তমানে পানির নিচে তলিয়ে আছে। এর ফলে চর গোজামানিকা, বাগলের গড়, ধলিরবন্দ, চাইলেনিপাড়া, বড় ভাংবাড়ি, ছোট ভাংবাড়ি ও ভেলামারী গ্রামের সহস্রাধিক শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী মমতাজ হোসেন জানান, প্রায় চার বছর ধরে বক্স কালভার্টটি দেবে পানিতে ডুবে আছে। দেবে থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও গত চার বছরেও কোনো কাজ হয়নি। কালভার্টটি দেবে যাওয়ায় সাত গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। জরুরি ভিত্তিতে সেখানে বক্স কালভার্টের পরিবর্তে নতুন সেতু নির্মাণ করা দরকার। প্রিন্সিপাল রইচ উদ্দিন আহম্মেদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সীমা ও সপ্তম শ্রেণীর ছাত্র রিপন জানায়, চার বছর ধরে একটি সেতুর অভাবে বর্ষা মৌসুমের প্রায় চার মাস বিদ্যালয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয়। প্রিন্সিপাল রইচ উদ্দিন আহম্মেদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম জানান, জনস্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে একটি সেতু নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজমকে অনুরোধ করা হয়েছে।