দুর্ভোগে হাজারো যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের একাংশ। ভাঙা অংশ পার করানোর সময় সড়কে আটকা পড়া একটি মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করছেন পথচারীরা। ছবিটি গতকাল দুপুরে রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া এলাকা থেকে তোলা l সুপ্রিয় চাকমা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের একাংশ। ভাঙা অংশ পার করানোর সময় সড়কে আটকা পড়া একটি মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করছেন পথচারীরা। ছবিটি গতকাল দুপুরে রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া এলাকা থেকে তোলা l সুপ্রিয় চাকমা

ভারী বৃষ্টিতে সড়ক ডুবে ও মাটি সরে যাওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রাম-বান্দরবান ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। প্রতিবেদন পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা।

বান্দরবানে টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে সাতকানিয়ায় সড়ক ডুবে যাওয়ায় গতকাল মঙ্গলবারও চট্টগ্রাম থেকে বান্দরবানে সরাসরি যানবাহন চলাচল করেনি। এ ছাড়া বান্দরবান জেলা সদরের সঙ্গে কয়েকটি উপজেলার সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে গতকাল বিকেল থেকে বৃষ্টি কমে যাওয়ায় আজ বুধবার থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে পারে বলে পরিবহন মালিক-শ্রমিকেরা জানিয়েছেন।

বান্দরবান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলী আকবর বলেন, টানা বৃষ্টি হওয়ায় কয়েকটি সড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর মধ্যে বান্দরবান-কেরানীহাট সড়কে যানবাহন চলাচল করতে পারেনি। বান্দরবান-রাঙামাটি সড়কে আগে থেকে কিছু সমস্যা ছিল। রাতে বৃষ্টি না হলে বুধবার (আজ) সকাল থেকে সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

বান্দরবান জিপ-বাস শ্রমিক সমিতির লাইনম্যান কামাল উদ্দিন বলেন, বান্দরবান-চিম্বুক-থানচি, বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যানবাহন চলাচল করেছে। বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কের কেরানীহাট অংশে সকালে কিছু বড় গাড়ি চলাচল করেছে। কিন্তু সাতকানিয়া-দোহাজারী অংশে যানবাহন চলাচল বন্ধ থাকায় বান্দরবান-কেরানীহাট অংশেও পরে যানবাহন চলাচল করেনি। বান্দরবান-রাঙামাটি সড়ক ও বান্দরবান-রুমা সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

 নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিম ইকবাল চৌধুরী বলেন, বাঁকখালী নদীর পানি বেড়ে যাওয়ায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের নিচু অংশ ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকেলে পানি কমতে শুরু করেছে। পাহাড়ধস ও ঢলের কারণে নাইক্ষ্যংছড়ি-তুমব্রু-সোনাইছড়ি সড়ক ও নাইক্ষ্যংছড়ি-বাইশারি সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল।

এদিকে টানা বৃষ্টিতে গত সোমবার সকালে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের খামারপাড়া ও মোনতলা কিজিং এলাকায় নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কে আবারও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের খামারপাড়া এলাকায় নতুন করে অন্তত ৬০ ফুট সড়ক নিশ্চিহ্ন হয়ে গেছে। এর দুই কিলোমিটার দূরে মোনতলা কিজিং এলাকায় মাটি সরে গেছে। এই দুই স্থানে যাত্রীরা হেঁটে পার হচ্ছেন।

সড়কের ভাঙা অংশে অনেক যানবাহন আটকা পড়েছে। যাত্রীরা অভিযোগ করেন, সংস্কার করা সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না বলে সেগুলো আবার ধসে গেছে। 

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ভাঙনস্থান সংস্কারের সময় পানিনিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু অতিবৃষ্টিতে গাছের গুঁড়ি ও পলি এসে নালাগুলো বন্ধ হয়ে যায়। সে কারণে স্রোতে প্রায় ৬০ ফুট সড়ক নিশ্চিহ্ন হয়ে যায়। বৃষ্টি না হলে কাল (আজ) থেকে সড়কের নিশ্চিহ্ন স্থান ভরাটের করা কাজ শুরু করা হবে।