নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেনীখালী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাশাপাশি তিনটি সেতু নির্মাণ করেছে। এর মধ্যে একটি সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। অপর দুটি সেতু অপ্রশস্ত হওয়ার কারণে একসঙ্গে দুটি যানবাহন কোনো দিনই পার হতে পারবে না। সেতু নির্মাণে নকশার ভুলের খেসারত এখন দিতে হচ্ছে দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষকে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডি কর্তৃপক্ষ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া-মঙ্গলেরগাঁও সড়কের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের পাশে মেনীখালী নদীর ওপর ১৯৮৬ সালে প্রথমে একটি সেতু নির্মাণ করে। সেতুটি এতই অপ্রশস্ত যে এটি দিয়ে কোনো ট্রাক, বাস, পিকআপ কোনো দিনই চলাচল করতে পারেনি। স্কুটার, প্রাইভেটকার ও রিকশা চলাচল করতে পারলেও দুই দিকের যানবাহন একসঙ্গে চলাচল করতে পারে না। জনগণের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সোনারগাঁয়ের সাবেক সাংসদ মো. রেজাউল করিম একই নদীর মনাইরকান্দি কাইকারটেক বাজার এলাকায় ওই সেতু থেকে দুই কিলোমিটার দূরে ২০০৫-০৬ অর্থবছরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রশস্ত সেতু নির্মাণ করেন। কিন্তু সেতুটি নির্মাণের ছয় বছর অতিবাহিত হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। আর সংযোগ সড়ক নির্মাণ করলেও এ সেতু দিয়ে কোনো দিন যানবাহন চলাচল করতে পারবে না। কারণ, এ সেতুর উত্তর প্রান্তে সংযোগ সড়কের নদীর ওপর গত বছর সড়ক ও জনপদ অধিদপ্তর সওজ একটি উঁচু সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করেছে। ফলে, এলজিইডির সেতু ও সংযোগ সড়কটি সওজের সেতুর একেবারে নিচে চলে গেছে। এখন এলজিইডি ইচ্ছা করলেই তাদের সেতুর সংযোগ সড়ক উঁচু করতে পারবে না।এদিকে ওই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। এ কারণে ওই নদীর ওপর এরশাদ সরকারের আমলে নির্মিত সেতুটির পাশে গত বছর আরও একটি বেইলি সেতু নির্মাণ করে এলজিইডি। এ সেতুও প্রশস্ত করা হয়নি। প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এ বেইলি সেতুর নির্মাণকাজ গত বছর শেষ হলেও এ সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী নূরজাহান বলেন, ‘সেতুগুলো নির্মাণ করার সময় আমি এখানে কর্মরত ছিলাম না। বেইলি সেতুটি নির্মাণ করার পর সংযোগ সড়কে ইট বিছানো হয়নি বলে তাতে চলাচল করা যাচ্ছে না—এ কথা সত্য। আর ওই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না সওজের সেতু ও সংযোগ সড়ক উঁচু হওয়ার কারণে।’পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ জানান, সেতু নির্মাণ করা হয়েছে সুবিধার জন্য আর তা যদি এলাকাবাসীর উপকারেই না আসে, তাহলে এ সেতু নির্মাণ করে কী লাভ?এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. রেজাউল করিম বলেন, ‘এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের জন্য অর্থ জোগাড় করেছি আমি, কিন্তু সেতুগুলো বাস্তবায়নের দায়িত্ব এলজিইডি কর্তৃপক্ষের। তারা নকশায় এ ধরনের ভুল করেছে, যেজন্য এলাকাবাসী সেতু দিয়ে উপকার পাচ্ছে না।’