দুর্ভোগের নাম মহেশ খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মহেশ খালের ওপর তৈরি হয়েছে অবৈধ স্থাপনা। ছবিটি গত বুধবার দুপুরে নগরের সল্টগোলার ইশান মিস্ত্রির হাট এলাকায় তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের মহেশ খালের ওপর তৈরি হয়েছে অবৈধ স্থাপনা। ছবিটি গত বুধবার দুপুরে নগরের সল্টগোলার ইশান মিস্ত্রির হাট এলাকায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় খালটি সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ। মহেশ খাল নামে পরিচিত এই খালের দুটি অংশ। খালের প্রস্থ কোথাও ১২০ ফুট, কোথাও ৫০ ফুট। নগরের ডিটি রোড এলাকা থেকে শুরু হয়ে হালিশহর, আগ্রাবাদ, নিমতলা, ছোটপুল, বড়পুল হয়ে সল্টগোলা এলাকায় কর্ণফুলী নদীতে মিশেছে। অন্য অংশটি বড়পুল এলাকা থেকে বিজিবি আর্টিলারি, ফইল্যাতলি বাজার, সাগরিকা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

মহেশখালটি একসময় নগরের উত্তর মধ্যম হালিশহর, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা ও হালিশহর এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। একসময় এই খাল দিয়ে সাম্পানে পণ্য পরিবহন হতো। এখন মাঝারি মাত্রার বৃষ্টি হলেই খাল উপচে পানি ওঠে এসব এলাকায়। ভরা জোয়ারেও খাল উপচে পানিতে তলিয়ে যায় লোকালয়। দখল ও ভরাটের কারণে এই খালের পানি ধারণক্ষমতা কমে গেছে। মহেশ খাল তাই এখন দুর্ভোগের অপর নাম।

চলতি মাসের ১ জুলাই প্রথম আলোর দুজন প্রতিবেদক মহেশ খালের কর্ণফুলীর মুখ থেকে ছোটপুল এলাকা পর্যন্ত প্রায় চার কিলোমিটার ঘুরে দেখেন। এই অংশেই বর্ষায় জলাবদ্ধতা বেশি হয়। খালের মুখে কর্ণফুলী অংশে স্বচ্ছ পানির ধারা। কিন্তু সংগমস্থল থেকে খালের পাড় ধরে সল্টগোলার দিকে যেতেই বদলে যায় পানির রং। ময়লা-আবর্জনা মিশ্রিত কালো পানি।

সল্টগোলা থেকে কিছুটা দূরে ইশান মিস্ত্রির হাটে কথা হয় ব্যবসায়ী নজির আহমদ সওদাগরের সঙ্গে। অতীত স্মৃতি রোমন্থন করে ইশান মিস্ত্রি হাট কমিটির এই সভাপতি বলেন, ২০ থেকে ২৫ বছর আগেও এই খাল দিয়ে সাম্পানযোগে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, ইট-বালু আনা-নেওয়া করা হতো। খাল ভরাট হওয়ায় এখন আর সেই সুযোগ নেই।

নজির আহমদের বাড়ি হাটের পাশেই। ভারী বৃষ্টি হলেই খালের পাশে তাঁর বাড়িসহ আশপাশের বাড়ি পানিতে তলিয়ে যায়। এ ছাড়া জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার ভোগান্তিও রয়েছে। ঈদের দিনও তাঁর বাড়ির আঙিনায় জোয়ারের পানি ওঠে। তাঁর সঙ্গে কথা বলার সময় আরও দুজন ব্যবসায়ী আসেন। তাঁদের একজন মো. মহিউদ্দিন জলাবদ্ধতার জন্য দুষলেন খাল ভরাট হওয়া এবং সময়মতো খনন না করাকে।

হাটের পাশে একটি ভাঙাচোরা পুল। ওই পুলে দাঁড়িয়ে দেখা যায় খালের চিত্র। খালের ভেতরে খুঁটি গেড়ে তৈরি করা হয়েছে অনেক দোকান। এ রকমই দুটি দোকানের মালিক নূর মোহাম্মদ ও মনজুর আলম। তাঁরা বলেন, বন্দর থেকে ইজারা নিয়ে এই দোকান করা হয়েছে। এতে খালের পানি প্রবাহের কোনো ক্ষতি হচ্ছে না বলে দাবি করেন তাঁরা।

ইশান মিস্ত্রির হাট থেকে কিছুদূর গিয়ে কোরবান আলী শাহপাড়ায় ঢোকার মুখেই খালের ভেতরে দেখা যায় ময়লা-আবর্জনার ভাগাড়। খালের এক পাশে প্রতিরোধ দেয়াল রয়েছে। তবে অপর পাশ খালি। বৃষ্টির সঙ্গে ওই পাড়ের মাটিও এসে পড়ছে খালে। স্থানে স্থানে দেখা যায় মাটির স্তূপ।

কোরবান আলী শাহপাড়া থেকে বন্দর আদর্শপাড়া হয়ে খালটি বন্দর রিপাবলিক ক্লাবের পাশ দিয়ে গেছে। ক্লাবের পাশে খালের ভেতরে ২০১৫ সালের অক্টোবর মাসে বাঁধ দেওয়া হয়। সম্প্রতি ওই বাঁধ অপসারণ করা হয়। তবে বাঁধের ব্যবহৃত লোহার খুঁটি রয়ে গেছে খালের মধ্যে। এখন ওই অংশে পানির প্রবল প্রবাহ। পশ্চিম পাশে খালের মধ্যে আগাছার ঝোপঝাড়। স্থানীয় বাসিন্দা আবদুর রউফ বলেন, বাঁধের কারণে এত দিন আগ্রাবাদ এক্সেস সড়কসহ একটি অংশ পানিতে ডুবে থাকত। বাঁধ তুলে দেওয়ায় এখন আর পানি জমে থাকে না। তবে জোয়ারের সময় পানি ওঠে।

রিপাবলিক ক্লাব থেকে নিমতলার পশ্চিমপাড়া এলাকায় খালটির ভেতরে মাটির স্তূপ ও ময়লা-আবর্জনা দেখা গেছে। পুরোনো পোর্ট মার্কেট এলাকায় খালটি আবার তুলনামূলকভাবে সরু। সেখানে খালের পূর্ব পাড়ে প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হচ্ছে।

খালটির সবচেয়ে খারাপ অবস্থা আগ্রাবাদ ছোটপুল এলাকায়। এখানে খাল সরু হওয়ার পাশাপাশি খালের ভেতরে ময়লা-আবর্জনা এবং মাটির স্তূপও দেখা গেছে। খালের প্রস্থও ৪০ ফুটের বেশি নয়। খালের ভেতরে সমবায় সিঙ্গাপুর মার্কেট ভবনের একটি অংশ পড়েছে। ছোটপুলের মাজার গলির বাসিন্দা ভ্যানচালক মো. রুবেল বলেন, শুধু বৃষ্টি নয়, জোয়ারের সময়ও এখানে পানি ওঠে। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। মার্কেটেও পানি ঢোকে।

ছোটপুল থেকে হালিশহর পুলিশ লাইনস এলাকায় প্রবাহিত হয়েছে খালটি। এখানে খালের প্রস্থ অনেক কম। খালের ভেতরে ময়লা-আবর্জনা ও মাটির স্তূপ রয়েছে। খালের পাশে পুলিশ লাইনস। সেখানকার এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সামান্য বৃষ্টি হলেও কার্যালয় পানিতে তলিয়ে যায়। এ ছাড়া ভরা জোয়ারেও পানি ঢোকে। খাল আর সড়ক তখন সমান হয়ে যায়।

এই খালট নগরের ৮টি ওয়ার্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রায় ১৭ লাখ লোক এই ৮ ওয়ার্ডে বসবাস করে।

দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর এইচ এম সোহেল বলেন, ‘মহেশ খাল নিয়ে আমরা খুব কষ্টে আছি। ভরা জোয়ার ও বৃষ্টি হলেই পানি ওঠে। খাল খননও করা হয়েছে। তবু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।’

পুলিশ লাইনস থেকে ডটি রোড এলাকায় গিয়ে খালটি শষ হয়। তবে বড়পোল থকে মহেশখালের আরেকটি শাখা ফইল্যাতলী বাজার হয়ে সাগরিকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশ দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এসব এলাকায় (ফইল্যাতলী বাজার ও সাগরিকা) সেভাবে জলাবদ্ধতা দেখা যায় না।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন খাল দখল ও ভরাট হওয়ার কথা স্বীকার করে বলেন, মহেশ খাল খনন করা হবে। পাশাপাশি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এ ছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা কার্যকর করতে এবং জোয়ার থেকে বাঁচাতে খালের মুখে স্লুইসগেট নর্মাণ করা হবে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগর এলাকায় খালের যে অংশটি পড়েছে, সেটির প্রস্থ বাড়ানোর পাশাপাশি আঁকাবাঁকা অংশ সোজা করা হবে। এ জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে। কাজ শেষ হলে মহেশ খালকেন্দ্রিক জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।