২০১৫ সালের ২৫ জুন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীর ওপর নির্মিত গর্জনিয়া সেতুর দক্ষিণ পাশে প্রায় ৩০০ ফুট সংযোগ সড়ক বিলীন হয়ে যায়। কিন্তু এখনো সেই সংযোগ সড়ক নির্মাণ না করায় নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-ঈদগড়-বাইশারী সড়কে সরাসরি যান চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে চারটি ইউনিয়নের লাখো মানুষ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংযোগ সড়ক নির্মাণের আগে সেতুর নিচ দিয়ে প্রায় এক কিলোমিটার নদী খনন করে স্রোতের গতিপথ ঠিক করতে হবে। তা না করে সংযোগ সড়ক নির্মাণ করলে, বর্ষায় পানির স্রোতে সেটি আবারও বিলীন হয়ে যেতে পারে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের সংযোগস্থলে বাঁকখালী নদীর ওপর নির্মিত সেতুর দক্ষিণ পাশে বিলীন সড়কের জায়গায় বাঁশ ও কাঠের তৈরি সাঁকো দিয়ে লোকজন আসা-যাওয়া করছে।
গর্জনিয়ার থিমছড়ি গ্রামের কৃষক নুরুল আলম (৫২) বলেন, আগে গ্রামে উৎপাদিত ফসল ও তরিতরকারি সেতুর ওপর দিয়ে রামু, কক্সবাজার ও চকরিয়ার বাজারে দ্রুত সরবরাহ করা যেত। এখন কাঁধে নিয়ে তরকারির বস্তা পারাপার করতে হচ্ছে। দুর্ভোগের পাশাপাশি চাষিরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
গর্জনিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী বলেন, দীর্ঘ সময় সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাজারে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। শিক্ষার্থী ও নারী-শিশুদের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে। বিলীন সংযোগ সড়ক নির্মাণে কারও কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০০৫ সালে এলজিইডি প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ১৬১ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে। সেতু রক্ষার জন্য ২০১৪ সালের এপ্রিল মাসে নদীর তলদেশ খনন করে স্রোতের গতিপথ পরিবর্তন করা হয়। পরে পলি জমে ওই অংশ পুনরায় ভরাট হয়ে যায়। ২০১৫ সালের জুন মাসে স্রোতের ধাক্কায় সেতুর এক পাশের সংযোগ সড়ক বিলীন হলে সেতুটি সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে সরাসরি যানবাহন চলাচল বন্ধ।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, আগামী মে মাসের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। নইলে আসন্ন বর্ষায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সেতুটি ধসে পড়ার আশঙ্কা আছে। গর্জনিয়া সেতুর পাশে অবস্থিত সম্রাট শাহ সুজা সড়কটিও হুমকির মুখে পড়বে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, ৬ এপ্রিল তিনি গর্জনিয়া সেতু পরিদর্শন করে মানুষের দুর্ভোগ দেখেছেন। বিলীন সংযোগ সড়কটি পুনর্নির্মাণের জন্য তিনি কয়েক দফা এলজিইডির কার্যালয়ে যোগাযোগ করছেন। কিন্তু ফল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, গত বর্ষায় একাধিক নৌকাডুবির ঘটনায় স্থানীয় ডাকভাঙা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ওসমান গণিসহ চার ব্যক্তির মৃত্যু হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে এলজিইডির কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল আলম বলেন, নদী খনন করে স্রোতোধারা বা পানির গতিপথ পরিবর্তন করা না গেলে গর্জনিয়া সেতুসহ দুই তীরের ইউপি ভবন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ লোকজনের ঘরবাড়ি রক্ষা কঠিন হবে। কিন্তু নদী খনন এলজিইডির কাজ নয়। নদী রক্ষণাবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ ব্যাপারে পাউবোকে অনুরোধ করা হয়েছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান বলেন, নদীর গতিপথ ঠিক রেখেই সেতুটি নির্মাণ জরুরি ছিল। এখন সেতুর নিচ দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ নদী খনন করে স্রোতের গতিপথ ঠিক করতে হবে। এ জন্য প্রায় চার কোটি টাকার প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত টাকা বরাদ্দ হয়নি। আবার জরুরি ভিত্তিতে এখন সংযোগ সড়কটি তৈরি করে দিলে সেটি আসন্ন বর্ষার স্রোতে আবার বিলীন হয়ে যাবে। শুধু টাকার অপচয় না করে মানুষের দুর্ভোগ লাঘবে কী করা যায়, তা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হচ্ছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পাউবোর কর্মকর্তাদের নিয়ে তিনি কয়েক দিনের মধ্যে গর্জনিয়া সেতু পরিদর্শন করবেন। এরপর করণীয় ঠিক করা হবে।