দুর্যোগ থেকে বাঁচতে লালুয়ার ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের জনসাধারণ ও সম্পদ রক্ষার দাবিতে দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছেন। উপজেলার প্রেসক্লাব চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে লালুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এরপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর তারিকুজ্জামান দুর্যোগের বর্তমান চিত্র তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে উচ্চ জোয়ারে গত পাঁচ দিনে ইউনিয়নের দুই হাজার ৩৭৬টি পরিবারের ১২ হাজার ৬৫০ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করার কারণে আহত হয়েছেন ৭৫ জন। প্রবল জোয়ারের চাপে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুই হাজার ১১৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, পরিবারগুলোকে অনাহারে ও অর্ধাহারে কাটাতে হচ্ছে। এ জন্য জরুরি ত্রাণসহায়তা প্রয়োজন। যাঁদের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, তাঁদের অধিকাংশই বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। এ পরিবারগুলোর জন্য তাঁবু সরবরাহ করা দরকার।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিবছর বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু ছয় মাস যেতে না যেতেই তা আবার ভেঙে যায়। বাঁধ যাতে দীর্ঘস্থায়ী হয় সে জন্য নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. মজিবর রহমান হাওলাদার, নারী সদস্য সাবেরা বেগম, তাছলিমা বেগম, লালুয়া ইউনিয়নের গণ-গবেষণা দলের সভানেত্রী হাওয়া আক্তার, লালুয়া কৃষক মৈত্রীর সভানেত্রী কোহিনুর বেগম প্রমুখ।