দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে’। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: সকাল ১০টায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। শোভাযাত্রা শেষে সরকারি জিলা স্কুলে আলোচনা সভায় জেলা প্রশাসক আমিনুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান সোহেল প্রমুখ। পরে জিলা স্কুল মাঠে আগুন নেভানো ও দুর্যোগে আহত ব্যক্তিদের উদ্ধারের মহড়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী: নগরের শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিনির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্পে বিধ্বস্ত বহুতল ভবন থেকে এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে নামা, চটের বস্তা দিয়ে ছোটখাটো অগ্নিকাণ্ড নির্বাপণ ইত্যাদি দেখানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মওলা, সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম প্রমুখ।
বাগমারা (রাজশাহী): সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও নাছরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, তোয়াজ আলী প্রমুখ। পরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বেলা ১১টায় উপজেলার দুর্যোগপ্রবণ নলকা ইউনিয়নের মনোহরপুর এ কে আজাদ উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, নলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।
সভা শেষে ৯৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল আশ্রয়কেন্দ্র কাম শ্রেণিকক্ষের উদ্বোধন করা হয়। এর আগে সকালে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়।
দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও আরাফাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নারহট্ট ইউপির চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার প্রমুখ।
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক আলোচনা সভা, শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহেদ পারভেজ।