দুর্যোগ প্রশমনে পরিকল্পিত নগর গড়তে হবে
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে সিপ ও সেভ দ্য চিলড্রেনের প্রয়াস প্রকল্পের সহায়তায় ১৫ নম্বর ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলানটিয়ার ও কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সকাল নয়টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিটি করপোরেশনের প্রধান ফটক থেকে শুরু হয়ে ২ নম্বর রেলগেট ঘুরে মণ্ডলপাড়া সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিপের নির্বাহী পরিচালক তাহমিনা জেসমিন, প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবীর, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে অসিত বরণ বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এগুলো মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন জলোচ্ছ্বাসে প্রাণহানির পরিমাণ অনেক কমে এসেছে। তিনি বলেন, ‘ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলার কৌশল যদি আমরা জানতে পারি, চর্চা করি ও অন্যকে জানাতে পারি—তাহলে সামগ্রিক ঝুঁকি অনেকাংশে কমে আসবে। আসুন, আমরা সবাই মিলে একটি পরিকল্পিত নগর গড়ি, যেখানে নগরের নারী-শিশুসহ সবাই নিরাপদে থাকব।’
এদিকে গতকাল বেলা সাড়ে ১১টায় ‘দুর্যোগের ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে’ প্রতিপাদ্য নিয়ে নবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। উপজেলা ফটক থেকে শোভাযাত্রাটি বের হয়ে নবাবগঞ্জ বাসস্ট্যান্ড চত্বর এলাকা প্রদক্ষিণ করে। এরপর প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ্ মিয়া, ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান প্রমুখ।