দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ নেতৃত্ব দিতে চায়: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে চায়। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করে আধুনিক উদ্ধার যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে নগরের কর্ণফুলী থানার ইছানগরে কোস্টগার্ড পূর্ব অঞ্চলের কার্যালয়ে উপকূলীয় ১২ জেলা, কোস্টগার্ড ও র্যাবকে সামুদ্রিক উদ্ধার বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে কেনা এসব নৌকার (বোট) তিনটি চাবি কোস্টগার্ড পূর্ব জোনকে এবং একটি র্যাবকে-৭ প্রদান করেন। এ ছাড়া উপকূলীয় জেলা সমূহ চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসা প্রতিনিধিদের কাছে ১২টি নৌকার চাবি হস্তান্তর করেন।
এ নৌকাগুলোর মাধ্যমে দুর্যোগপূর্ণ মুহূর্তে উপকূলীয় এলাকায় বিপদগ্রস্ত ও হতাহত মানুষদের দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন। এ ছাড়া চোরাচালান, জলদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপ দমন অভিযানে নৌকাগুলো ব্যবহার করা যাবে।
নৌকার চাবি পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, র্যাব-৭ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ অনেক চোরাচালানিদের ধরেছে। কিন্তু র্যাবের নিজস্ব কোনো নৌকা ছিল না। নৌকাটি পাওয়ার ফলে গভীর সমুদ্রেও র্যাব অভিযান চালাতে পারবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, বাংলাদেশ কোস্টগার্ডের উপমহাপরিচালক কমডোর এম ইয়াহহিয়া সৈয়দ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক খালিদ মাহমুদ, কোস্টগার্ড পূর্ব অঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলাম ও র্যাব- ৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।