দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে চায়। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের ইছানগরে কোস্টগার্ড পূর্ব অঞ্চলের কার্যালয়ে বোট হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপকূলীয় ১২ জেলাকে ১২টি মেরিট বোট, কোস্টগার্ডকে তিনটি সার্চ অ্যান্ড রেসকিউ বোট এবং র্যা বকেও একই ধরনের একটি বোট দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, কোস্টগার্ডের উপমহাপরিচালক কমোডর এম ইয়াহ্ইয়া সৈয়দ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক খালিদ মাহমুদ, কোস্টগার্ড পূর্ব অঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলাম ও র্যা ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী তিনটি বোটের চাবি কোস্টগার্ড পূর্ব জোনকে এবং একটি চট্টগ্রামের র্যা বকে-৭ প্রদান করেন। এ ছাড়া উপকূলীয় জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসা প্রতিনিধিদের কাছে ১২টি বোটের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বোটগুলোর মাধ্যমে কোস্টগার্ড, র্যা ব ও উপকূলীয় এলাকার জেলা প্রশাসন দুর্যোগের সময় বিপদগ্রস্ত ও হতাহত মানুষকে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে। এ ছাড়া চোরাচালান, জলদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপ দমনেও এই বোটের মাধ্যমে অভিযান চালানো যাবে।
বোটের চাবি পাওয়ার পর র্যা ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, র্যা ব বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ অনেক চোরাচালানিকে ধরেছে। র্যা বের নিজস্ব কোনো বোট ছিল না। বোটটি পাওয়ার ফলে গভীর সমুদ্রেও র্যা ব অভিযান চালাতে পারবে।