দুর্যোগ মোকাবিলায় এখন বাংলাদেশ রোল মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলগেরিয়া থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলাকার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বলে জানালেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ এখন ঘূর্ণিঝড়, বন্যা মোকাবিলায় অনেক এগিয়ে। শেখ হাসিনা সরকার এসব দুর্যোগ মোকাবিলায় বিশ্বের কাছে রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গতকাল শনিবার জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের ব্যাপক প্রস্তুতি থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। উপকূলীয় এলাকায় কিছু ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে না এলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকত। দেশের বন্যা, ঘূর্ণিঝড়সহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের দেশ অনেক পিছিয়ে থাকত।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।