প্রতিনিয়ত প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এসব দুর্যোগ মোকাবিলায় চাই যথাযথ প্রস্তুতি। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। যাতে বিপদ এলে প্রত্যেকেই উদ্ধারকর্মীর ভূমিকা রাখতে পারে। ১৯ আগস্ট আশা ইউনিভার্সিটিতে এক সেমিনার ও তথ্য বিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় অবস্থিত জাতিসংঘ তথ্যকেন্দ্র, ইউএন অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটেরিয়ান অ্যাফেয়ার্স এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর দিবসটির স্লোগান হচ্ছে ‘দ্য ওয়ার্ল্ড নিডস মোর হিউমেনিটেরিয়ান হিরো’ (আরও বেশি মানবিক বীর চায় বিশ্ব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তর (ইউএন অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটেরিয়ান অ্যাফেয়ার্স)-এর মানবিক সহায়তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা (সিনিয়র হিউমেনিটেরিয়ান অ্যাফেয়ার্স অ্যাডভাইজর) গার্সন ব্রান্ডো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ। সেমিনারে বিশ্ব মানবতা দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের দেওয়া ভাষণ পাঠ করে শোনান জাতিসংঘ তথ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন এলাকা ও সম্প্রদায়ের মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন। এ ছাড়া দুর্যোগের সময় উদ্ধারকর্মীর কাজে এগিয়ে আসার জন্য শিক্ষর্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোজাহারুল হক, আন্তর্জাতিক সংস্থা অক্সফামের হিউমেনিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার মুরশিদা আক্তার, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার মুহাম্মদ মামুন, আশা ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবু দাউদ হাসান ও আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি সিদ্দিক। স্বাগত বক্তৃতা করেন আশা ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. খালেকুজ্জামান। বিজ্ঞপ্তি।