
যেকোনো দুর্যোগে দেশে একজন পুরুষ মারা গেলে নারী মারা যান চারজন। গত ২০ বছরে বাংলাদেশে দুর্যোগে ১৫ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে। আর অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ১২০ কোটি মার্কিন ডলার। দুর্যোগের সময় তা মোকাবিলায় নারী কতটুকু সহনশীল থাকতে পারেন, সে হিসাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ স্থানে রয়েছে। বাংলাদেশের পরই রয়েছে পাকিস্তানের অবস্থান। দক্ষিণ এশিয়ার অন্য পাঁচটি দেশ এ ক্ষেত্রে বাংলাদেশের ওপরে।
ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা ‘দক্ষিণ এশিয়ায় ঝুঁকি মোকাবিলায় নারীর সহনশীলতার সূচক’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় আন্তর্জাতিক সংস্থা একশন এইডের পক্ষে ইকোনমিস্ট এ সূচকটি তৈরি করেছে। অ্যাকশন এইডের এ দেশীয় পরিচালক ফারাহ কবীর গতকাল সোমবার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন। দুর্যোগের আগে প্রস্তুতি ও দুর্যোগের পরে পুনরুদ্ধার প্রক্রিয়ায় নারীদের ভূমিকা পরীক্ষা করতে গিয়েই মূলত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
অর্থনৈতিক, অবকাঠামোগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক—এ চারটি ভাগে এই সূচকটি তৈরি করা হয়েছে। দুর্যোগের সময় নারীরা কী পরিমাণে আর্থিক সহায়তা পান, সে বিবেচনায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। দুর্যোগের সময় প্রাতিষ্ঠানগুলো কতটা নারীবান্ধব, সেই সূচকে বাংলাদেশ ৪ নম্বরে। একটি দুর্যোগে নারীরা কতটা বিপদের মধ্যে পড়েন এবং সামাজিকভাবে তাঁরা কতটা সহায়তা পান, সে হিসাবে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। আর দুর্যোগ মোকাবিলায় অবকাঠামোগুলো নারীর জন্য কতটা সহায়ক, সে হিসাবে বাংলাদেশ সাতটি দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে।
এগিয়ে ভুটান: ১০০ তে ৪৬ দশমিক ৪ পয়েন্ট পেয়ে দুর্যোগে সহনশীলতার দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে ভুটান। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও মালদ্বীপের অবস্থান। বাংলাদেশের পাওয়া পয়েন্ট ৪০। সবচেয়ে নিচে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৭ দশমিক ৮।
সূচকটি তৈরির ক্ষেত্রে শিল্পোন্নত-ধনী ও দুর্যোগপ্রবণ দেশ হিসেবে জাপানকে মানদণ্ড ধরা হয়েছে। দুর্যোগ সহনশীলতার ক্ষেত্রে জাপান ৮০ দশমিক ৬ নম্বর পেয়েছে। দুর্যোগ মোকাবিলায় জাপানকে উদাহরণ সৃষ্টিকারী দেশ হিসেবে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে দুর্যোগে মৃত্যুর পরিমাণ ও আর্থিক ক্ষতির একটি হিসাব তুলে ধরা হয়েছে। গত ২০ বছরে সবচেয়ে বেশি এক লাখ ৭৪ হাজার ১৮৭ জন মানুষ মারা গেছে পাকিস্তানে। সবচেয়ে বেশি ৩৭০ কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে ভারতে। ভারতে মারা গেছে ৯৯ হাজার ৩৫৭ জন।
বাংলাদেশ কেন পিছিয়ে: সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শেষের দিকে কেন? সেই প্রশ্নের উত্তরও প্রতিবেদনে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো দুর্যোগে বাংলাদেশে মাথাপিছু সহায়তার পরিমাণ সবচেয়ে বেশি হলেও ওই সহায়তা বেশির ভাগ পুরুষের নিয়ন্ত্রণে থাকে। একেকটি দুর্যোগে মাথাপিছু ৪৮ দশমিক ৬ ডলার পেলেও নারীরাই দুর্যোগের সময় বেশি ক্ষতি, মৃত্যু ও কষ্টের মধ্যে পড়েন।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন গুণগতভাবে মানসম্পন্ন নয় এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেক বেশি। বাংলাদেশের পরিবহন, স্যানিটেশন, অবকাঠামো ও প্রযুক্তির ব্যবহার নিম্ন মানের। অর্থাৎ এই অবকাঠামোগুলো দুর্যোগের সময় নারীকে সহায়তা করতে পারে না। সেই হিসেবে বাংলাদেশ দুর্যোগ অবকাঠামো নারীবান্ধব নয়।
প্রতিবেদনে বলা হয়, দুর্যোগসংক্রান্ত বাংলাদেশে অনেক নীতিমালা ও বিধিমালা রয়েছে। তবে সেই নীতি ও বিধিমালা নারীর প্রতি সংবেদনশীল নয়। অর্থাৎ এই আইনি কাঠামোগুলো দুর্যোগ মোকাবিলায় নারীকে সহায়তা করে না। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নারীদের বিশাল অংশগ্রহণের কথা উল্লেখ করে বলা হয়েছে, ২০১৩ সালে সাভারে তৈরি পোশাক কারখানা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৮ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। যার বেশির ভাগই নারী।
সংবাদ সম্মেলনে দুর্যোগ মোকাবিলায় নারীদের ঝুঁকি কমিয়ে আনতে ফারাহ কবীর কিছু সুপারিশ করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বিনিয়োগ, নারীদের জন্য প্রশিক্ষণ ও সুযোগ বৃদ্ধি, নারীকে শুধু দুর্বল বা ঘটনার শিকার হিসেবে বিবেচনা না করে তাঁদের শক্তিকে সামনে আনা, দুর্যোগ মোকাবিলা প্রস্তুতিতে স্থানীয় সরকার এবং নারীদের আরও বেশি যুক্ত করা, সরকারি ও বেসরকারি পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কী কী করা হচ্ছে, সে বিষয়ে জবাবদিহি তৈরি করতে হবে।
গত ২০ বছরে বাংলাদেশে দুর্যোগে ১৫ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে
দুর্যোগের সময় নারীরা কী পরিমাণে আর্থিক সহায়তা পান, সে বিবেচনায় বাংলাদেশের অবস্থান চতুর্থ
একটি দুর্যোগে নারীরা কতটা বিপদের মধ্যে পড়েন এবং সামাজিকভাবে তাঁরা কতটা সহায়তা পান, সে হিসাবে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে
দুর্যোগ মোকাবিলায় অবকাঠামোগুলো নারীর জন্য কতটা সহায়ক, সে হিসাবে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে