দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রশংসায় মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

প্রাকৃতিক দুর্যোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের এই প্রস্তুতি এখন বিশ্বের সেরা বলে পরিচিত। ভারতের সরকারি সূত্রে এ খবর জানা গেছে।
বিপর্যয়ের ঝুঁকি কমানোর লক্ষ্যে নয়াদিল্লিতে এশীয় দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন করে গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের এই পরিকল্পনার ফলে ঘূর্ণিঝড়ে জীবনহানির সংখ্যা অনেক কমেছে। বাংলাদেশের এই মডেল সারা পৃথিবীতে সেরা প্রস্তুতি বলে পরিচিতি পেয়েছে। তিন দিনের এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে মন্ত্রী, কর্মকর্তা ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা যোগ দিয়েছেন।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। বিপর্যয়ের আগাম বার্তা দেওয়ার ব্যবস্থা বাংলাদেশ চালু করেছে এবং এ ধরনের মোকাবিলা সার্থকভাবে করার যোগ্য মডেল সবার সামনে স্থাপন করেছে।
বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রী মোফাজ্জল হোসেন সম্মেলনে বলেছেন, সারা দেশে বাংলাদেশ সরকার ঘূর্ণিঝড় মোকাবিলায় ৩ হাজার ৮৫১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করেছে এবং বন্যাদুর্গতদের জন্য খুলেছে ১৪২টি আশ্রয়কেন্দ্র। আগাম বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে এই শিবিরগুলোতে মানুষজনকে নিয়ে আসা হয়।