দুর্যোগ মোকাবিলায় সফল বাংলাদেশ, বলল ল্যানচেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেট বলছে, বাংলাদেশের উপকূলে আঘাত হানা ১৯৭০ ও ২০০৭ সালের ঘূর্ণিঝড়ের প্রাবল্য প্রায় একই ছিল। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের উপকূলে প্রায় চার হাজার মানুষ মারা যায়। আর ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে মারা যায় তিন লাখ মানুষ। ল্যানচেট বলছে, সরকার, এনজিও ও কমিউনিটির সম্মিলিত প্রয়াসে সিডরে প্রাণহানি কম হয়েছিল।
গতকাল শনিবার ল্যানচেট স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নীতিনির্ধারণবিষয়ক প্রবন্ধে এ কথা বলেছে। প্রবন্ধে বলা হয়, সরকার, এনজিও ও কমিউনিটি সম্মিলিতভাবে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হচ্ছে। বাংলাদেশে সতর্কতামূলক ব্যবস্থা আছে, উপকূল এলাকায় সাইক্লোন সেল্টারগুলো নিয়ে নেটওয়ার্ক গড়ে উঠেছে।
প্রবন্ধে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়বে। ২০৫০ সাল নাগাদ ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে এক থেকে পাঁচ কোটিতে পৌঁছাবে। জলবায়ুর পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ। এখানে নিয়মিত বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিক্ষয়ের কারণে কৃষিজমি পানিতে ডুবে যায়, মানুষ বাস্তুচ্যুত হয়। বাংলাদেশের ৫০ লাখের বেশি মানুষ প্রাকৃতিক দুর্যোগের উচ্চ ঝুঁকির মধ্যে।
ল্যানচেট বলছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এ রকমই একটি উদ্যোগ হচ্ছে ‘ক্লাইমেট ফোরকাস্ট অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক’। এর মাধ্যমে ২০০৭ ও ২০০৮ সালে তিনটি বড় বন্যার ১০ দিন আগে বাংলাদেশে পূর্ব সতর্কতা জারি করা হয়েছিল। এই সতর্কতার কারণে কৃষকেরা ফসল তুলে নিয়েছিলেন, গবাদিপশুর নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এবং পানি ও খাদ্য সংরক্ষণ করেছিলেন।