দুর্যোগ মোকাবিলা করতে হবে সাহসের সঙ্গে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ও ঝড়ঝাপটা আসবেই। সেগুলো সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। যেকোনো দুর্যোগ মোকাবিলা করার মতো সক্ষমতা এখন বাংলাদেশের মানুষের আছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানস্থল থেকে দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ১৫৩টি আশ্রয়কেন্দ্র ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন তিনি।
ঘূর্ণিঝড়সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার একমাত্র পথ গাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য উপকূলীয় বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ এবং সবুজ বেষ্টনী প্রকল্প বাস্তবায়ন করেছে। এ সময় নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকায় পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে কোনো দুর্যোগেই যেন জনগণ ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ সরকার নেবে। দুর্যোগ থেকে আমাদের মানুষকে বাঁচাতে হবে। সেদিকে লক্ষ রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আমাদের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বব্যাপী যথেষ্ট প্রশংসিত হয়েছে। সেগুলো আন্তর্জাতিক পর্যায়েও গ্রহণ করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ঝড়-বন্যা আমাদের দেশে লেগেই থাকে। আমি এটুকু বলব, উত্তরবঙ্গের মঙ্গা আমরা দূর করেছি। এখন নদীভাঙন ও বন্যা থেকে আমাদের জনগণকে রক্ষার জন্য নির্দেশ হচ্ছে, যেসব ঘরবাড়ি করা হচ্ছে, তা একটু উঁচু করে নির্মাণ করতে হবে। মানুষের যেন ক্ষতি না হয়, সেটা দেখা হবে।’
শেখ হাসিনা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের মূল লক্ষ্য হলো প্রাকৃতিক, পরিবেশগত ও মানবসৃষ্ট আপদ থেকে দরিদ্র মানুষের বিপদাপন্ন অবস্থা সহনীয় ও গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনা। একই সঙ্গে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সক্ষম একটি জরুরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গড়ে তোলা।
অনুষ্ঠানে চট্টগ্রামের বাঁশখালীতে সাইক্লোন রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত মো. শহীদুল আলম এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মাসুদা বেগম দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।