দুর্যোগ মোকাবিলায় আগাম পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আগাম পরিকল্পনা প্রণয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।
‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা’ শীর্ষক এই সম্মেলনের যৌথ আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট।
রাষ্ট্রপতি বাংলাদেশকে এর ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। নেপালে সাম্প্রতিক ভূমিকম্পের কথা উল্লেখ করে তিনি বলেন, বারবার ভূকম্পনের কারণে এ অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অধিকাংশ শহুরে অবকাঠামো ভূমিকম্প সহনীয় নয়। এ ধরনের পরিস্থিতিতে উদ্ধার অভিযানের বিষয়টি বিবেচনায় এনে এবং পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের তাৎক্ষণিক করণীয় সম্পর্কে তাদের অবহিত করতে হবে।
আবদুল হামিদ বলেন, সরকারের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। তাই দেশে প্রশিক্ষিত জনবল এবং স্বেচ্ছাসেবক গড়ে তুলতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা জরুরি। প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববাসী আশা করছে এই সম্মেলনে ইতিবাচক ফলাফল আসবে।
আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান হাবিবে মিল্লাত এবং মহাসচিব মোজহারুল হক।
আজ সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি: বার্তা সংস্থা বাসস জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।’ ৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।