চট্টগ্রামের আনোয়ারায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক ক্যাম্পে বক্তারা বলেছেন, এ দেশের স্বেচ্ছাসেবকেরা দুর্যোগের সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ মডেল। গতকাল শনিবার সকালে উপজেলার পারকি সৈকতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ছয় উপজেলার এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিপিপি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক রুহুল আমিন। প্রধান আলোচক ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা পুলিন বিহারী নাথ ও ফজলুল করিম চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিপিপি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, সন্দীপ, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।