দুর্যোগ-সংঘাতে কিশোরীদের নিরাপত্তা ঝুঁকি বাড়ে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট সংঘাতের সময় কিশোরীদের নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তারা যৌন নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএর ‘শেল্টার ফ্রম দ্য স্ট্রম-এ ট্রান্সফরম্যাটিভ এজেন্ডা ফর উইমেন অ্যান্ড গার্লস ইন এ ক্রাইসিস প্রোন ওয়ার্ল্ড’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এ সময় কিশোরীরা এইচআইভি ভাইরাসে আক্রান্ত হতে পারে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঝুঁকিও থাকে। মেয়ের সম্মান রক্ষার্থে বা একটি মুখে কম খাবার তুলে দিতে হবে এমন চিন্তা করে অনেক অভিভাবক মেয়েকে বিয়ে দেন। ফলে বাল্য বিয়ের হার বেড়ে যায়। অথচ ১৯৯৪ সালে জনসংখ্যা বিষয়ক সম্মেলনে ১৭৯টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অঙ্গীকার করেছিলেন, কিশোরীরা যেখানেই থাকুক, তাদের অধিকার রক্ষা করা হবে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪২ শতাংশ মা প্রসবের সময় দক্ষ প্রসবকারীর সহায়তা পেয়েছেন। চলতি বছরে ১৫ থেকে ৪৯ বয়সী নারী জন্মনিয়ন্ত্রণের কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করছে। বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা গড়ে বেশি বছর বাঁচে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে ২০১৪ সালে দ্বন্দ্ব এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে দেশের ভেতরে এক স্থান থেকে আরেক স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন চার লাখ ৩১ হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ১০ কোটি লোকের মানবিক সহায়তা প্রয়োজন হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষেও এত মানুষের সহায়তা প্রয়োজন হয়নি। এই ১০ কোটির মধ্যে মধ্যে এক চতুর্থাংশই নারী যাদের বয়স ১৫ থেকে ৪৯ বছর।