দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল রোববার বিকেল থেকে দেশের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটার পর হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে শুরু করলে দুর্ঘটনা এড়াতে পৌনে ছয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়-বৃষ্টির আগে ঘাটে আসা বেশ কিছু যানবাহন ফেরিতে উঠলেও ফেরিগুলো আর ছাড়েনি।
অপরদিকে আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন জানান, রোববার বিকেল পাঁচটার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশে সাড়ে পাঁচটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঘাটে আসা অনেক যাত্রী লঞ্চে বসে সময় পার করছেন। এতে দুর্ভোগের শিকার হয়েছেন আটকে পড়া স্থানীয় ও অনেক পরিবহন যাত্রী।