দুর্যোগে আতঙ্ক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়ায় দুর্যোগের সময় ভবনের ওপর থেকে রশি বেয়ে কীভাবে নিচে নামতে হয় তা দেখানো হয় l ছবি: প্রথম আলো
মহড়ায় দুর্যোগের সময় ভবনের ওপর থেকে রশি বেয়ে কীভাবে নিচে নামতে হয় তা দেখানো হয় l ছবি: প্রথম আলো

ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের দেয়াল কেটে কীভাবে লোকজনকে উদ্ধার করতে হবে কিংবা সিঁড়ির বিকল্প হিসেবে কী করে রশি বেয়ে বহুতল ভবন থেকে নিচে নামা যাবে তার মহড়া হয়েছে চট্টগ্রাম নগরের সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে। দুর্যোগের সময় শিক্ষার্থীরা যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে প্রাণ ও সম্পদ রক্ষায় কাজ করতে পারে সে জন্য এ মহড়ার আয়োজন করা হয়।
গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা পানিতে কেউ ডুবে গেলে কীভাবে উদ্ধার করতে হয় তাও শেখানো হয় শিক্ষার্থীদের।
মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক সমরেন্দ্র বিশ্বাস। এ সময় সহকারী পরিচালক মো. ইয়াহিয়া, উপসহকারী পরিচালক আবদুল মালেক, মো. কামাল উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। মহড়ায় ফায়ার সার্ভিসে কর্মী, স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা অংশ নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে নগর ও জেলার অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস সফলভাবে মহড়া করেছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক মহড়া চলবে।
সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার মহড়া সম্পর্কে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মহড়ার মাধ্যমে উপকৃত হয়েছে। এই আয়োজনে অংশ নিয়ে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে আতঙ্কিত না হয়ে কীভাবে প্রাণ ও সম্পদ রক্ষা করা যায় তা শিখেছে তারা।