দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন গুদামে পড়ে আছে চার মাস
বরাদ্দ পাওয়ার প্রায় চার মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ৪৭ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৪১ হাজার টাকা এখনো বিতরণ করা হয়নি। পরিবহনের টাকা না পাওয়ায় এ বরাদ্দ সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের গুদামে পড়ে আছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান জানান, ২০১৪ সালের ২৭ এপ্রিল রাতে এ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড় হয়। কিন্তু সরকারি যা সহায়তা পাওয়া গিয়েছে, তা অপ্রতুল। প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পর আট মাস পেরিয়ে গেলেও এখনো সাড়া মেলেনি।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য ৪৭ বান্ডিল ঢেউটিন ও ঘর নির্মাণ বাবদ প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে তিন হাজার টাকা করে অর্থ-সহায়তা বরাদ্দ পাওয়া যায়। জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠি অক্টোবরের প্রথম সপ্তাহে ধরমপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এসে পৌঁছায়। চিঠিতে বরাদ্দকৃত টিন ও টাকা শিগগিরই জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের গুদাম থেকে গ্রহণ করার নির্দেশ ছিল। কিন্তু জেলা কার্যালয় থেকে উপজেলা পর্যন্ত পরিবহন বাবদ টাকা বরাদ্দ না থাকায় প্রায় চার মাসেও এগুলো সেখান থেকে নিয়ে আসা হয়নি।
উপজেলার রাজাপুর গ্রামের দিনমজুর সানজিল হক (৫৫) বলেন, ‘বৈশাগ মাইস্যা তুফানে আমরার ছেলা ঘরডা উড়াইয়া নিছে। টেহার লাইগ্যা নয়া ঘর বানতাম হারতাছি না। বউ-বাচ্ছারে লইয়্যা অনে মাইনসের ঘরও থাহি। কামলা দিয়া যেই টেহা ফাই, হেই টেহায় বউ-বাচ্ছা লইয়্যা দুই অক্ত পেড ভইর্যা কাইতামেই হারি না, নয়া ঘর বানদাম কিবায়?’
ধরমপাশার অতিরিক্ত দায়িত্বে থাকা সুনামগঞ্জ সদরের পিআইও মো. মানিক মিয়া জানান, বরাদ্দ পাওয়া ঢেউটিন নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি তিনি খোঁজ করে দেখবেন।