দুর্যোগে ক্ষতিগ্রস্তের তালিকায় তৃতীয় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ১৩ কোটিরও বেশি মানুষ গত ২০ বছরে দুর্যোগে আক্রান্ত হয়েছে। দুর্যোগের কারণে আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তবে দুর্যোগে আক্রান্ত হওয়ার পরও এর ব্যবস্থাপনায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে।
‘দ্য হিউম্যান কস্ট অব ওয়েদার রিলেটেড ডিজাস্টার, ১৯৯৫-২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস-সংক্রান্ত সংস্থা—ইউএনআইএসডিআর ও বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন দ্য এপিডোমলোজি অব ডিজাস্টারস (সিআরইডি) যৌথভাবে এ প্রতিবেদন তৈরি করে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে গতকাল সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরে বিশ্বে ৯০ শতাংশ দুর্যোগের মধ্যে ছিল বন্যা, ঝড়, খরা এবং আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগ। এগুলোর মোট সংখ্যা ৬ হাজার ৪৫৭টি। দুর্যোগের সংখ্যার বিচারে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। ২০ বছরে দেশটিতে মোট দুর্যোগের সংখ্যা ৪৭২টি। এরপর আছে চীন, ভারত, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া। আর আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে সবচেয়ে আক্রান্ত দেশ হলো চীন। এরপরই আছে ভারত। তৃতীয় আক্রান্ত বাংলাদেশে মোট মানুষের সংখ্যা ১৩ কোটি ১০ লাখ মানুষ।
দুর্যোগের একটি ঘটনায় অবকাঠামো ধ্বংসের নিরিখে বাংলাদেশে ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় সাড়ে চার হাজার স্কুল ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া ২০০৭ সালের বন্যায় বাংলাদেশে ব্যাপক প্রাণহানির কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় ব্যাপক সক্ষমতা অর্জনের ফলে অনেক দেশেই এর ক্ষতি কমানো সম্ভব হয়েছে। এই দেশগুলোর মধ্যে ভারত, চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড ও মিয়ানমারের নাম উল্লেখ করা হয়েছে। দুর্যোগ প্রস্তুতি উন্নততর হওয়ায় এসব দেশে প্রাণহানির সংখ্যা কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।