দুর্যোগে সচেতন করেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিয়ায় কমিউনিটি রেডিও সাগরদ্বীপে কাজ করছেন নারীরা l ছবি: প্রথম আলো
হাতিয়ায় কমিউনিটি রেডিও সাগরদ্বীপে কাজ করছেন নারীরা l ছবি: প্রথম আলো

জোয়ার-ভাটার টানে জীবন চলে পাপিয়াদের। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ নিত্য সঙ্গী। কিন্তু এসব দুর্যোগে নিজের কথা ভাবার সময় নেই। রেডিওতে ঘোষণা দিতে থাকেন বিপৎসংকেতের।

পাপিয়া বললেন, ‘কত নম্বর বিপৎসংকেত আগে মানুষ বুঝতে পারত না। বাতাসের অবস্থা দেখে চিন্তাভাবনা করত। ততক্ষণে বিপদ একেবারে ঘরের দরজায়। এখন স্থানীয় ভাষায় একটু পর পর জানিয়ে দিই বাতাসের গতিবেগসহ কখন কী করতে হবে। ফোন করেও কমিউনিটির লোকজন নানান তথ্য জেনে নেন। বলা যায়, এখন শত মানুষের জীবন বাঁচে।’

 পাপিয়া সুলতানা হাতিয়ার কমিউনিটি রেডিও ‘রেডিও সাগরদ্বীপ’-এর একজন খবর পাঠক। শুধু পাপিয়া নন, ফেরদৌসী বেগম, বিলকিস বেগমসহ সাগরদ্বীপে কাজ করছেন স্থানীয় তরুণী ও শিক্ষার্থীরা। নিয়োগপত্রে খবর পাঠক, স্বেচ্ছাসেবক বা যে পদই থাক, তাঁদের রেডিও স্টেশনের সব কাজ করতে হয়। এই রেডিওর স্লোগান হচ্ছে—‘আঙ্গোর রেডিও, আঙ্গোর কতা কয়’। অর্থাৎ আমাদের রেডিও, আমাদের কথা বলে। হাতিয়ায় বঙ্গোপসাগর আর মেঘনার মোহনার জলরাশির প্রচণ্ড দাপটের মুখে দ্বীপটির মানুষের জীবন কাটে।

তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে হাতিয়াসহ দেশের উপকূলীয় অঞ্চলে কাজ করছে মোট আটটি রেডিও স্টেশন। কমিউনিটি রেডিওর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন, এসব রেডিওতে কর্মরত ব্যক্তিদের মধ্যে কোনো কোনো জায়গায় মেয়েদের সংখ্যা বেশি আবার কোনো জায়গায় প্রায় সমান সমান। রেডিও সাগরদ্বীপে কর্মরত ব্যক্তিদের মধ্যে মেয়েদের সংখ্যা েবশি।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রথম আলোকে বলেন, কমিউনিটির লোকজন, বিশেষ করে নারীরা রেডিওতে কাজ করছেন। হিসাব অনুযায়ী, ১৭টি রেডিও স্টেশনে ১ হাজার তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। তাঁদের মধ্যে প্রায় ৫৪ শতাংশ ছেলে এবং ৪৬ শতাংশের বেশি েময়ে। কমিউনিটি রেডিও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিন বছর ধরে কাজ করলেও জাপানের জাইকার কারিগরি সহায়তায় সাগরদ্বীপ (৯৯.২ এফএম) অানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৫ সালের ১২ নভেম্বর। নিয়মিত স্টাফ ৭ জন, স্বেচ্ছাসেবক ২৫ জন। শিক্ষার্থীদের জন্য আছে ফেলোশিপ করার সুযোগ। হাতিয়ার ছৈয়দিয়া বাজারে সাগরদ্বীপের কার্যালয়। স্থানীয় সংগঠন দ্বীপ উন্নয়ন সংস্থার মাধ্যমে এই স্টেশনটি পরিচালিত হচ্ছে। ৪ লাখের বেশি মানুষের কাছে দুর্যোগ-সংক্রান্ত তথ্যের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ছাগল পালনসহ বিভিন্ন বিষয়ের তথ্য পৌঁছে দিচ্ছেন কর্মীরা। হাতিয়ার ২ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকার চারপাশে সম্প্রচারিত এই রেডিওতে লিফট প্রকল্পের আওতায় সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।

রেডিও সাগরদ্বীপে কাজ করা পাপিয়া সুলতানা (ঝুমু) হাতিয়ার মেয়ে। বিয়েও হয়েছে হাতিয়াতে। বললেন, ‘এখন শ্বশুরবািড়র আত্মীয়রাও রেডিওতে কণ্ঠ শুনে বলেন, “এ হলো আমাদের ঝুমু।’’’ স্বেচ্ছাসেবক বিলকিস বেগম স্নাতক শ্রেণিতে পড়ছেন। একটি অনুষ্ঠান সম্প্রচারের উপযোগী করতে পারলে তিনি পান আড়াই শ টাকা। মাসে আয় ৩ হাজার টাকার মতো। প্রশিক্ষণ পেয়ে রেডিওর অারজে হিসেবে কাজ করেন মাঝেমধ্যে। স্বাস্থ্যবিষয়ক পুরো অনুষ্ঠানের দায়িত্ব তাঁর। মাঠে গিয়েও তথ্য আনতে হয়।

 এখানকার স্থায়ী কর্মী ফেরদৌসী বেগম বললেন, শুধু খবর পরিবেশন নয়, বিভিন্ন নাটিকাতে অভিনয়ও করতে হয়। হেসে বললেন, ‘পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আমার ছেলেও এক নাটকে অভিনয় করেছে।’ তিনি জানালেন, অন্য সময় কিছুক্ষণ বন্ধ থাকলেও প্রাকৃতিক দুর্যোগের সময় রেডিও স্টেশনে এক মুহূর্তের জন্যও সম্প্রচার বন্ধ থাকে না। বর্তমানে দ্বীপের ৮০ শতাংশ বাসিন্দাই তাঁদের অনুষ্ঠান শোনেন বলে তিনি দাবি করলেন।

দ্বীপ উন্নয়ন সংস্থার জেনারেল বোর্ডের সদস্য এবং কমিউনিটি রেডিওর দায়িত্বপ্রাপ্ত শামছুত তিবরীজ প্রথম আলোকে জানালেন, ৩০ থেকে ৩৫ জন নারীকে নিয়ে একেকটি শ্রোতা ক্লাব গঠন করা হয়েছে। বর্তমানে আছে ১৫০টি শ্রোতা ক্লাব। ক্লাবে একজন নারীকে নির্বাচন করা হয়, তাঁকে একটি রেডিও দেওয়া হয়। তিনি নিয়মমতো রেডিও ছাড়েন, অন্য বাড়ির নারীরা এসে তা শোনেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তা নজরদারি করা হয়। এ ছাড়া ১১টি বাজারে চালু করা হয়েছে স্যাটেলাইট সেন্টার। বাজারে চা খেতে খেতেও মানুষ রেডিও শুনছে।